ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সাকে নিয়ে আশাবাদী লেভানদোভস্কি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৬, ১৮ আগস্ট ২০২২
বার্সাকে নিয়ে আশাবাদী লেভানদোভস্কি
রবার্ট লেভানদোভস্কি

গত মৌসুমে কোন শিরোপাই জিততে পারেনি স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। তবে এবারের মৌসুমে বার্সা বেশ কয়েকটি শিরোপা জিতবে বলে মনে করেন দলটির পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি।

গত বছর বার্সেলোনার পারফরমেন্স ছিলো যাচ্ছেতাই। লা-লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা ডেল’রে এবং স্প্যানিশ সুপার কাপের মত কোন প্রতিযোগিতারই শিরোপা জিততে পারেনি তারা। লা-লিগায় শীর্ষ পাঁচে থাকাই এক সময় কঠিন হয়ে পড়ে বার্সেলোনার। তবে মৌসুমের শেষ দিকে অন্যান্য দলগুলো পা পিছলালে রানার্স-আপ হয় বার্সা। চ্যাম্পিয়ন হয়েছিলো বার্সার প্রতিন্দ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। 

গত আসরের দুঃস্মৃতি ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিলো বার্সেলোনার। কিন্তু লা লিগায় নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে তারা। রায়ো ভায়োকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করে বার্সেলোনা। 

Advertisement

চলমান মৌসুমের শুরুটাও ভালো না হলেও, হতাশ নন বায়ার্ন মিউনিখ থেকে চার বছরের চুক্তিতে বার্সেলোনায় আসা লেভানদোভস্কি। এবারের মৌসুমে বার্সেলোনা শিরোপা জিতবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

লা লিগা ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভানদোভস্কি বলেন, ‘আমার মনে হয়, দীর্ঘ সময় ধরে ট্রফি ছাড়া আছে বার্সেলোনা। তবে শিরোপা জয়ের এখনই উপযুক্ত সময় এবং আমি নিশ্চিত, আমরা সেটাই করবো।’

তিনি আরো বলেন, ‘নিশ্চিতভাবেই এবার আমাদের জন্য রোমাঞ্চকর মৌসুম হবে। এটি এমন একটা মৌসুম হতে চলছে, সব শেষে সমর্থকরা খুশিই থাকবে।’

২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত জার্মান বুন্দেসলিগায় খেলেছেন লেভানদোভস্কি। ২০১৪ সালে বরুশিয়া ডর্টমুন্ড ছাড়েন তিনি। এরপর আট বছর মিউনিখের হয়ে খেলেন তিনি। বুন্দেসলিগায় দুই ক্লাবের হয়ে ৩৮৪ ম্যাচে ৩১২ গোল করেছেন লেভানদোভস্কি। 

বুন্দেসলিগা ছেড়ে বার্সেলোনায় যোগ দেয়াটা নিজের কাছে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ৩৩ বছর বয়সী লেভানদোভস্কি। তিনি বলেন, ‘এটি আমার জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমি এর জন্য প্রস্তুত। লা লিগায় খেলা আমার জন্য সব সময়ই স্বপ্ন ছিল এবং এখন আমি বার্সেলোনায়। এখানে আসতে পেরে আমি খুবই খুশি।’

তিনি আরো বলেন, ‘আমি প্রথম যখন জানতে পারি বার্সেলোনা আমাকে নিতে আগ্রহী, তখন থেকেই জানতাম এটা আমার জন্য উপযুক্ত সময়। আমি পুরো জীবন একটি লিগে খেলতে চাইনি। আমি বুন্দেসলিগায় ভালো ছিলাম, কিন্তু আমার মনে হয়েছে লা লিগাতে যোগ দেয়া উচিত এবং ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে এটাই সঠিক সময়।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!