জানা গেছে, অ্যাঙ্কেলে চোট পেয়েছেন হাসান। তার চোটের মাত্রা জানতে এক্স-রে করা হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী এ বিষয়ে বলেন, ‘অনুশীলনের সময় হাসান অ্যাঙ্কেলে চোট পান। এখন মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আছে। কিছুক্ষণ পর এক্স-রে করাতে নেয়া হবে। এরপর আসলে জানা যাবে তার বর্তমান অবস্থা। এশিয়া কাপ নিয়ে শঙ্কা কি-না সেটা এক্স-রে রিপোর্ট হাতে না পেয়ে বলা যাচ্ছে না।’
.png)
দলীয় সূত্র থেকে অবশ্য ভিন্ন খবর এসেছে। খালি চোখে চোটের ধরণ দেখে মনে হয়েছে, গোড়ালিতে পাওয়া এই চোটে বেশ ভুগতে হবে হাসান মাহমুদকে।
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে বলেন, ‘হাসান ইনজুরিতে পড়েছে, খুবই দুর্ভাগ্য। যখন ছন্দে থাকে তখনই ইনজুরিতে পড়ে, এটা আমাদের জন্য দুঃখের। এশিয়া কাপে ও থাকবে কি-না এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি।’
সুজন যোগ করেন, ‘দেখে মনে হচ্ছে সে সম্ভবত প্রথম রাউন্ডে থাকছে না। হয়ত প্রথম রাউন্ড মিস করতে পারে। বদলি কে হবে তা এখনও ভাবিনি। মাথায় অনেকগুলো নামই ঘুরছে। কাল-পরশু প্রস্তুতি ম্যাচ আছে, তারপর সিদ্ধান্ত নেয়া যাবে।’
দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হয়েছিল হাসানের। সেখানে দারুণ পারফর্ম করে টিকে গেছেন আসন্ন এশিয়া কাপের জন্য। কিন্তু ইনজুরি দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় কি-না সেটাই এখন চিন্তার বিষয়।