গত কিছুদিন ধরেই বদলে যাওয়ার একটা স্লোগান চলছে বাংলাদেশ ক্রিকেটে। যেখানে টি-২০ বিশ্বকাপ ঘিরে দেশের ক্রিকেটকে নতুন করে সাজানোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে। তবে এমন কথা সাকিবের খুব একটা ভাল লাগছে না।
টি-২০র নেতৃত্বে আসা সাকিব সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ‘দেখুন, এখানে কেউ ক্লাস ফোর-ফাইভের ছাত্র না। কাউকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া খুব বেশি জরুরি না। সবাই নিজেদের কাজটা জানেন বলেই বিশ্বাস করি।’
.png)
তিনি আরো বলেন, ‘এই পরিকল্পনাগুলো সাধারণত কোচ ও অধিনায়ক মিলে করে থাকে। আমাদের যেহেতু একজন নতুন দায়িত্বে এসেছে, তার সঙ্গে পরিকল্পনা করেই করা হবে। এরকম পার্টিকুলার কোনো পরিকল্পনা থাকবে বলে আমার মনে হয় না।’
সাকিব যোগ করেন, ‘যেটা হচ্ছে যে, সবাই অনেক ক্রিকেট খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেট খেলে তাদের নিজেদেরই একটা আইডিয়া থাকে কীভাবে দলকে জেতানো যায়। সেভাবেই তারা চেষ্টা করবে বলে আমি মনি করি। এর জন্য আলাদা করে বলে দেওয়ার কিছু নাই। আমরা ফোর-ফাইভের ছাত্র না যে সব শিখিয়ে দিতে হবে।’
আগামী ২৭ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশ দল ২৩ আগস্ট বিকেল পাঁচটায় এবারের এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে যাবে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। যেখানে প্রতিপক্ষ আফগানিস্তান।