অবশেষে গুঞ্জনই সত্য হলো। রাসেল ডোমিঙ্গের পরিবর্তে টি-২০র দায়িত্বে থাকবেন শ্রীধরন শ্রীরাম, এর ফলে এশিয়া কাপে দলের সঙ্গে যাওয়া হচ্ছে না কোচ রাসেল ডমিঙ্গোর। টি-২০ ক্রিকেট থেকেই তাকে বাদ দেয়া হলো। তবে ওয়ানডে ও টেস্টের কোচ হিসেবে বহাল থাকছেন তিনি।
সোমবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। ফলে অধিনায়ক পাল্টানোর পর এবার সরিয়ে দেওয়া হলো হেড কোচকেও।
.png)
আসছে এশিয়া কাপে বাংলাদেশ দল কোনো হেড কোচ ছাড়াই খেলতে যাচ্ছে। ২৭ আগষ্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-২০ ফরম্যাটের এই টুর্নামেন্ট। যেখানে দলকে লিড দেবেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
গতকাল রোববার উড়িয়ে আনা হয় টি-২০ স্পেশালিস্ট পরামর্শক শ্রীধরন শ্রীরামকে। ঢাকায় পা রেখেই শ্রীরাম চলে যান মিরপুর স্টেডিয়ামে। কিন্তু মাঠে সবাই থাকলেও ছিলেন না কোচ রাসেল ডোমিঙ্গ।
২১ আগস্ট দ্বিতীয় দিনের দলগত অনুশীলনে খেলোয়াড় ও কোচিং স্টাফ সবাই থাকলেও এদিন মাঠে আসেননি হেড কোচ রাসেল ডমিঙ্গো। তখনই তার বিদায়ের কিছুটা লক্ষন আঁচ করা যায়।
যদিও আগে শ্রীধরন শ্রীরামের অধীনে বাংলাদেশ টি-২০ দল এশিয়া কাপ খেলবে বলে জানা গিয়েছিল। আজ আনুষ্ঠানিক ঘোষণা এলো। যদিও আপাতত বলা হচ্ছে, টেকনিক্যাল কলসালটেন্ট, তবে ভারতীয় এ কোচের সঙ্গে আসন্ন টি-২০বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি।
এশিয়া কাপের পারফরম্যান্সের উপর ভিত্তি করে টি-২০র হেড কোচ ঘোষণা করা হতে পারে বলে ক্রিকেট পাড়ায় গুঞ্জন চলছে।