ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচ বাংলাদেশের, প্রতিপক্ষ পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অক্টোবরের শুরুতেই নিউজিল্যান্ডের মাঠে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাগতিকরা ছাড়াও যেখানে অংশ নেবে বাংলাদেশ ও পাকিস্তান। এরইমধ্যে সে সিরিজের সূচিও প্রকাশ করেছে আয়োজক দেশটি।
যেখানে সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ৭ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে সিরিজের। যথারীতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮ টায়।
এরপর ৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে আবারও মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১২ টায়।
এরপর আবারো ১২ অক্টোবরের ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ১২ টায়।
এরপর ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে আবারও মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটিও শুরু হবে সকাল ৮ টায়।
সিরিজে সবগুলো দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল, ১৪ অক্টোবর ক্রাইস্টচার্চে অনুষ্ঠেয় ফাইনালে পরস্পরের মোকাবেলা করবে।
ফাইনালসহ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।
ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ দল নিউজিল্যান্ড থেকেই উড়াল দেবে অস্ট্রেলিয়াতে। সেখানে ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।