আর মাত্র ৮দিন পর শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল। এবারের আসর বসতে যাচ্ছে কাতারে। দেশব্যাপী কোটি কোটি ফুটবলপ্রেমীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে বিশ্বকাপ। অপেক্ষার প্রহর গুনছে তারা। বাদ নেই বাংলাদেশও।
বাংলাদেশের বিভাগীয় শহর বরিশালে এক সময় ছিল ক্রীড়া উন্মাদনা। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই উন্মাদনা এখন আর নেই। অনেকে আবার ব্যস্ততার কারণে আগের মতো খেলাধুলায় আগ্রহ দেখাচ্ছে না। বর্তমান প্রজন্ম মোবাইল-ইন্টারনেট ও গেমে মত্ত হয়ে পড়ায় খেলাধুলায় তাদের মন-মানসিকতা তেমন একটা নেই।
.png)
এসবের প্রভাব পড়েছে বিশ্বকাপ ফুটবলেও। উন্মাদনা তেমন না থাকলেও নগরীর মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি। কেমন চলছে বিক্রিবাট্টা? এ নিয়ে কথা হয় পতাকা বিক্রেতা মো. শাহাদাৎ হোসেনের সঙ্গে। প্রতিটি বিশ্বকাপেই কমপক্ষে ১৫ থেকে ২০ দিন পূর্বে ঢাকা রায়ের বাজার থেকে বরিশালে পতাকা বিক্রি করতে আসেন তিনি।
_1668427426.jpg)
নগরীর বিবির পুকুর পাড়ে পতাকা বিক্রির সময় শাহাদাৎ হোসেন ডেইলি বাংলাদেশকে বলেন, গত ফুটবল বিশ্বকাপে বরিশালে পতাকা বিক্রি করতে এসে যত ফুটবলপ্রেমী দর্শক ও পতাকাক্রয়কারী দেখেছি, এ বছর ৮ দিনেও আগের তা চোখে পড়েনি।
এ বিষয়ে শাহাদাৎ হোসেন মনে করেন, টি-২০ বিশ্বকাপের কারণে অধিকাংশ যুবক শ্রেণির ক্রীড়ামোদী দর্শক ওদিকে ঝুঁকে ছিল। এখন হয়তো ফুটবলের দিকে ঝুঁকবে। তখন পতাকা বিক্রির সংখ্যাও বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।
বরিশালে কোন দলের পতাকা ক্রয়কারীর সংখ্যা বেশি? এমন প্রশ্নে তিনি জানান, এখন পর্যন্ত যত পতাকা বিক্রি হয়েছে তাতে আর্জেটিনার পতাকার সংখ্যাই বেশি। তার পরেই রয়েছে ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানী, স্পেন ও সৌদি আরবের পতকা।
পতাকার দরদাম সম্পর্কেও একটা ধারণা দিয়ে দিয়েছেন তিনি। আর্জেটিনা ও ব্রাজিলের ১২ ফুট দৈর্ঘ্য পতাকা বিক্রি হচ্ছে ১২০০ টাকায়, বাকি বিভিন্ন দেশের ৫ ফুট দৈর্ঘ্য পতাকা ১৫০ টাকা দরে বিক্রি করছেন। শাহাদাৎ আরো বলেন, প্রথম কয়েকদিন ১ হাজার থেকে দেড় হাজার টাকার পতাকা বিক্রি হলেও এখন বিক্রির পরিমাণ বেড়ে ৩ হাজার টাকায় উঠেছে।

বরিশালে আগে বিশ্বকাপ ফুটবল শুরুর পূর্বে বিভিন্ন দেশের সমর্থকরা পতাকা টানানোর যে প্রতিযোগীতায় লিপ্ত হতো, তা এখন দেখা যায় না। এ বিষয়ে কথা হয়, টেলিভিশন ও বেতারের ক্রীড়া ভাষ্যকার সফিকুল ইসলামের সঙ্গে। তিনি জানান, ক্রিকেটের টি-২০ বিশ্বকাপ চলার কারণেই হয়তো ভক্তরা বিশ্ব ফুটবলের দিকে নজর দেয়নি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিয়োগ করা বরিশাল বিভাগ ও জেলা ফুটবলার তৈরির কারিগর (কোচ) মশিউল আলম স্বপন বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ভাল না। বিগত করোনার কারণে স্কুলমুখী শিক্ষার্থীরা খেলাধুলা থেকে অনেকটা সরে গেছে। মোবাইলে ঝুকে পড়ায় ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ এখন আর নেই।
অন্যদিকে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকার বেশ কয়েকজন শিক্ষার্থী মিলে প্রতি বছরের মতো এবারও ৩০ ফুট দৈর্ঘ্যের একটি পতাকা টানিয়েছে। তারা সবাই লাতিন আমরিকার দল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সমর্থক।