ফুটবল বিশ্বকাপ একসঙ্গে দেখতে ১৭ বন্ধু কিনল পুরো বাড়ি
ভারতের কেরলা অঙ্গরাজ্যের কোচিতে বিশ্বকাপ উন্মাদনা যেন একেবারেই চেপে বসেছে! সেখানে ফুটবল উন্মাদনার এক নিদর্শন সামনে এসেছে। একসঙ্গে খেলা দেখার জন্য আস্ত বাড়ি কিনে ফেললেন ১৭ জন গ্রামবাসী। তারা সবাই একে অপরের বন্ধু।
কোচির কাছে মুন্ডক্কামুগল গ্রামের ১৭ জন ফুটবলপ্রেমী ২৩ লাখ টাকায় একটি বাড়ি কিনেছেন বলে জানা গেছে। সেই বাড়ি সেজে উঠেছে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগালের পতাকা এবং মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পেদের ছবিতে।
.png)
এদিকে শুধু ১৭ ফুটবলপ্রেমীই নয়, এ বাড়িতে এসে বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে পারবেন মুন্ডক্কামুগল গ্রামের যে কেউ। গ্রামের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর এ বাড়িতে খেলা দেখার জন্য একটি বড় টিভিও কেনাও হয়েছে।
ফুটবল বিশ্বকাপে ভারত নেই। তাতে কী! মেসি, নেইমার, রোনাল্ডোরা আছেন। আর তাতেই মেতেছে তারা। ক্রিকেট পাগল এই দেশ এখন ফুটবল জ্বরে ভুগছে। বাংলা, কেরল এবং গোয়ার ফুটবল প্রেম তো বিশ্ববন্দিত।
এদিকে কাতারের বিশ্বকাপ দেখতে কেরল থেকে বহু ফুটবলপ্রেমী ভিনদেশে পাড়ি জমিয়েছেন। পাড়ায় পাড়ায় ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা উড়ছে। মেসি, রোনাল্ডোদের কাটআউট লাগানো। যেন তারা ভারতীয়।
জানা গেছে, এই ১৭ জন বিগত ১৫-২০ বছর ধরে একসঙ্গে ফুটবল খেলা দেখে এসেছেন। ফুটবল অন্তঃপ্রাণ এই ১৭ জন তাই বিশ্বকাপের মৌসুমে ‘খেলাঘর’ কিনে নিলেন।
এ বাড়ি কেনা নিয়ে শফির পিএ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, আমরা ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য বিশেষ কিছু করব ভেবেছিলাম। এর মধ্যেই এই বাড়িটির খোঁজ পাই। বাড়িটি বিক্রি করা হবে জেনে সবাই মিলে তা কিনে ফেললাম।