ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিজয় দিবসে সাকিবদের বুকে বাংলাদেশের পতাকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৫, ১৬ ডিসেম্বর ২০২২
বিজয় দিবসে সাকিবদের বুকে বাংলাদেশের পতাকা
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস আজ। বাঙালির বিজয়ের ৫১ বছর। ১৯৭১ সালের  এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয় বীর বাঙালি। বিজয়ের ৫১ বছরে দেশে আনন্দের বন্যা বইছে। যে যার যার জায়গা থেকে বিজয় উৎসব করছেন। মাঠ থেকে সেই আনন্দে শামিল হলেন ক্রিকেটাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও ভারতের টেস্ট ম্যাচ। ম্যাচ আগেই শুরু হয়ে যাওয়ায় বড় কোনো আয়োজনের সুযোগ নেই। এজন্য জাতীয় দলের ক্রিকেটাররা বিশেষ জার্সি পরে নেমেছেন মাঠে।

জার্সির বুকের ডানপাশে বাংলাদেশের জাতীয় পতাকা। তার নিচে ইংরেজিতে লেখা ‘ফিফটিওয়ান ভিক্টরি ডে’। শুধুমাত্র আজকের দিনেরই জন্য এই জার্সি গায়ে জড়াবেন সাকিব, মুশফিক, মিরাজ, লিটনরা। রাতে দুই দলের জন্য অফিসিয়াল ডিনার রাখা হয়েছে হোটেলে। সেখানে মহান মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র দেখানো হবে। এছাড়া দুই দলের ক্রিকেটারদের উপস্থিতিতে বিশাল কেক কাটা হবে।

Advertisement

ক্রিকেটাররা নিজেদের ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছে দেশবাসীকে।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘মহান বিজয় দিবস। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘শুভ বিজয় দিবস, বাংলাদেশ! আমাদের জাতি আমাদের পরিচয়। আজ আমরা সকল মুক্তিযোদ্ধা, শহিদ বুদ্ধিজীবী এবং অদম্য বাঙালিদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি যারা একটি জাতিকে স্বাধীন করার জন্য চূড়ান্ত আত্মত্যাগ করেছিলেন এবং কোটি কোটি মানুষকে এই জাতি তাদের নিজের বলার অধিকার দেন।’

মুশফিকুর রহিম লিখেছেন, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!’

লিটন দাসও বাদ যাননি। লিখেছেন, ‘মাথার উপর উদার আকাশ অপার স্বাধীনতা, রক্তের নদী পেরিয়ে পাওয়া আপন জন্মভূমি।’

মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস! এ দিবসটি জাতীয় জীবনে অপরিসীম গুরুত্ব ও তাৎপর্যমণ্ডিত। এই দিনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে । বাঙালি জাতি পেয়েছে বীরের খেতাব। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বাংলাদেশ এগিয়ে চলুক স্বমহিমায়!’

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!