অবসরের আগে মেসির সঙ্গে একদলে খেলতে চান লেভানদোভস্কি
সময়ের অন্যতম সেরা তারকাদের একজন পোল্যান্ড অধিনায়ক রবার্ট লেভানদোভস্কি। তাকে অনেকেই মেসির সঙ্গে তুলনা করলেও লেভানদোভস্কি স্বয়ং মেসির ভক্ত। মেসির অবসরের আগে অন্তত একবার একই দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বার্সেলোনা তারকা।
গত গ্রীষ্মে লেভানদোভস্কি বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন। ঐদিকে মেসিও এর আগের মৌসুমে বার্সেলোনা ছেড়ে পাড়ি জমিয়েছেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি)। তাই সেরা দুই তারকার এক দলে খেলা হলো না।
তবে লেওয়ার ইচ্ছা, বার্সার কিংবদন্তি খেলোয়াড়ের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা। আগামী মৌসুমে পিএসজির সুপারস্টার মেসির বার্সেলোনায় ফিরে আসার জোর গুঞ্জন রয়েছে। যদিও তার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মেসি নিজেই।
লেভানদোভস্কি বলেন, ‘মেসি এই মুহূর্তে প্লেমেকার হিসেবেই বেশী অবদান রাখছে। এজন্য হয়তো সে গোল বেশী পাচ্ছে না। সতীর্থদের বেশী পাস দিচ্ছে, তাদের নিয়ে গোল করাচ্ছে ঠিকই, আবার নিজেও গোল করছে। তার সঙ্গে খেলার স্বপ্ন যেকোনো স্ট্রাইকারেরই আছে।’
একই সঙ্গে আগামী ব্যালন ডি'অর কে পাচ্ছেন, এই বিষয়েও ধারণা দিয়েছেন পোলিশ তারকা। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ে সহযোগিতা করায় মেসিই পাচ্ছেন আগামীবারের ব্যালন ডি’অর, এমনটাই বিশ্বাস করেন লেওয়া।
এ সম্পর্কে তিনি আরো বলেন, 'বিশ্বকাপ জয়ের পিছনে সাধারণত একজন খেলোয়াড়েরই মূল অবদান থাকে। এবার সেটা মেসি আবারো প্রমাণ করেছেন। ব্যালন ডি’অর জয়ে তিনি সবদিক থেকেই এগিয়ে রয়েছেন। ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ জয়ে তারই অবদান ছিল।'