আগামী ১৯ জানুয়ারি সৌদির রাজধানী রিয়াদে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসরের ফুটবলারদের সংগঠিত একটি দল। ওই ম্যাচটি দিয়ে আবারও বিশ্ব ফুটবল ‘মেসি-রোনালদো’ দ্বৈরথ দেখতে পাবেন।
ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ এখন তুঙ্গে। ইএসপিএন জানিয়েছে, পিএসজি ও সৌদি দলটির ম্যাচ টিকিটের জন্য অনলাইনে আবেদন করেছেন ২০ লাখের বেশি মানুষ।
.png)
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রোনালদো আল নাসরে যোগ দেয়ার পর ক্লাবটি এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে ম্যাচগুলোতে নামতে পারেননি তিনি। গত বছর প্রিমিয়ার লিগের এক ঘটনার জেরে দুই ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় নামা হয়নি সিআর সেভেনের।
শনিবার (১৪ জানুয়ারি) আল নাসর-আল শাবাব ম্যাচ দিয়ে রোনালদোর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। এ কারণে মাঠে নামা বিলম্বিত হলেও পর্তুগিজ তারকার অভিষেক হচ্ছে ‘বড় ম্যাচ’ দিয়েই। কাতারি মালিকানাধীন পিএসজি আগামী বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) কিং ফাহাদ স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে।
রিয়াদে অবস্থিত স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৬৮ হাজার। ইএসপিএন তাদের প্রতিবেদনে জানায়, বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। একপর্যায়ে অনলাইনে টিকিট কাটার অপেক্ষায় ছিলেন ২০ লাখের বেশি মানুষ।