চলতি বছরের ১৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই ম্যাচে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির প্রতিপক্ষ সৌদি আরবের দুই ক্লাব আল হিলাল ও আল নাসরের ফুটবলারদের সংগঠিত একটি দল। ওই ম্যাচটি দিয়ে আবারও বিশ্ব ফুটবল ‘মেসি-রোনালদো’ দ্বৈরথ দেখতে পাবেন দর্শকরা।
স্বভাবতই এই প্রদর্শনী ম্যাচটি দেখতে মুখিয়ে আছে গোটা বিশ্বের ফুটবল ভক্তরা। এরই মধ্যে ম্যাচটি সরাসরি মাঠে বসে দেখার জন্য ২০ লাখের বেশি মানুষ অনলাইনে আবেদন করেছেন। ম্যাচে ‘বিয়ন্ড ইমাজিনেশন’ নামের একটি বিশেষ টিকিট নিয়ে শুরু হয়েছে নিলাম।
.png)
এই নিলামেই ঘটেছে চোখ চড়কগাছ করার মতো কাণ্ড। রয়টার্স ও ডেইলি মেইলের প্রতিবেদনের বরাতে জানা গেছে, সৌদি আরবের এক ব্যবসায়ী মেসি-রোনালদোর ম্যাচ দেখার জন্য নিলামের সেই টিকিট কিনতে ১০ লাখ রিয়াল খরচ করতে রাজি।
সৌদি রিয়ালের ১০ লাখ বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৭ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯৩৮ টাকা। মুশরেফ আল-গামদ নামের সেই ব্যবসায়ী সৌদি আরবের একটি বড় রিয়াল এস্টেট কোম্পানির প্রধান পদে কর্মরত আছেন।
কেন এই টিকিট কেনার জন্য এতো লড়াই? জানা গেছে, নিলামের বিজয়ী যে এই টিকিট জিতবেন, তার কল্পনা বাস্তবায়ন হবে এই টিকিটের মাধ্যমে। শুধু সবচেয়ে ভালো জায়গায় বসে ম্যাচ দেখার সুযোগই নয়, জয়ী দলের সঙ্গে ছবি তোলার সুযোগও পাবেন তিনি।
শুধু তা-ই নয়, ড্রেসিং রুমে গিয়ে দু’দলের ফুটবলারদের সঙ্গে দেখা করতে পারবেন। অর্থাৎ মেসি, রোনালদোর সঙ্গে দেখা করার সুযোগও থাকছে। সেই সোনার হরিণ টিকিট পেতেই নিলামে প্রায় ২৭ কোটি টাকা দাম হাঁকিয়েছেন ওই ব্যবসায়ী।
আগামী ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৬৮ হাজার। টিকিটের জন্য ২০ লাখ আবেদন এলেও ধারণ ক্ষমতা অনুযায়ী টিকিট প্রদান করা হবে।