ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শর্ত সাপেক্ষে দেশসেরা আরচ্যার রোমান সানার শাস্তি কমালো ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৭, ৮ মার্চ ২০২৩
শর্ত সাপেক্ষে দেশসেরা আরচ্যার রোমান সানার শাস্তি কমালো ফেডারেশন
রোমান সানা

বাংলাদেশের আরচ্যারির ‘পোস্টারবয়’ বলা হয় আরচ্যার রোমান সানাকে। কিন্তু গেল বছর শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন।

পরে ভুল বুঝতে পেরে ফেডারেশনের ক্ষমা চেয়ে চিঠি দিয়েছিলেন রোমান। সেটি আমলে নিয়ে তার শাস্তি কমিয়েছে ফেডারেশন। তিন মাস নিষেধাজ্ঞার পর মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন দেশসেরা এই আরচ্যার। 

মঙ্গলবার (৭ মার্চ) এক জরুরি নির্বাহী সভায় তার শাস্তির বিষয়টি কামানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। ফলে প্রায় সাড়ে তিন মাস নিষেধাজ্ঞায় থাকার পর মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আসন্ন প্যারিস অলিম্পিকে লাল সবুজের পতাকা প্রতিনিধিত্ব করবেন রোমান।

Advertisement

সভা শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল জানিয়েছেন, ‘রোমানের অতীত পারফরম্যান্স ও ভবিষ্যতের সম্ভাবনা বিবেচনা করে তার শাস্তি শর্তসাপেক্ষে শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে ৯ মার্চ থেকে অনাবাসিক অনুশীলন এবং ট্রায়ালে অংশ নেয়ার সুযোগ পাবে।’

তবে শাস্তি কমানোর জন্য ফেডারেশন থেকে রোমান সানাকে কয়েকটি শর্ত আরোপ করা হবে। এর মধ্যে মিডিয়ায় কথা বলায় নিষেধাজ্ঞা অন্যতম। আরেকটি শর্ত রোমান সানা টঙ্গীস্থ আরচ্যারি ক্যাম্পে আবাসিকভাবে অবস্থান করতে পারবেন না।

প্রয়োজনে শহীদ আহসান উল্লাহ মাস্টার আরচ্যারী স্টেডিয়ামের আশপাশে বাসাভাড়া করে দেবে ফেডারেশন। খেলোয়াড় হিসেবে প্রতিশ্রুতিশীল হওয়ায় রোমানের জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন চপল।

এদিকে জাতীয় দলে প্রবেশাধিকার ও আন্তর্জাতিক অঙ্গনে রোমান দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন কি না এমন প্রশ্নের উত্তরে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘সে পর্যবেক্ষণে থাকবে। ট্রায়ালে যদি ভালো পারফরম্যান্স করেন তাহলে তার পারফরম্যান্স ও সামগ্রিক বিষয় নিয়ে আবার সভা হবে। তখন এই বিষয়ে সিদ্ধান্ত হবে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
ট্যাগ: রোমান সানা
লিংক সফলভাবে কপি হয়েছে!