মরিনহোর নিষেধাজ্ঞা বহাল
খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ ও বিচিত্র অঙ্গভঙ্গির জন্য রোমার কোচ হোসে মরিনহোকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুই ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয় তাকে।
তবে গত সপ্তাহে নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এরপর জুভেন্টাসের বিপক্ষে লিগ ম্যাচে টাচলাইনে ছিলেন তিনি।
এরপর অবশ্য পরবর্তী ম্যাচগুলোতে ডাগআউটে থাকতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন মরিনহো। তার সেই আপিল প্রত্যাখ্যান করে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
এতে সিরি আ'য় নিজেদের পরের দুই ম্যাচে কোচ জোসে মরিনহোকে টাচলাইনে পাচ্ছে না রোমা। তার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল প্রত্যাখ্যান করা হয়েছে।
লিগে রোববার (১২ মার্চ) সাসুয়োলোর বিপক্ষে খেলবে রোমা। এই ম্যাচ ও আগামী সপ্তাহে রোম ডার্বিতে লাৎসিওর বিপক্ষে নিষেধাজ্ঞায় থাকবেন মরিনহো।
গত ২৮ ফেব্রুয়ারি ক্রেমোনেসের বিপক্ষে রোমার ২-১ গোলে হারের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে লাল কার্ড দেখেন মরিনহো। এর আগে চতুর্থ অফিসিয়ালের সঙ্গে তর্ক করতে দেখা যায় তাকে। চলতি মৌসুমে এর আগে দুই বার লাল কার্ড দেখেন ৬০ বছর বয়সী এই কোচ।
ক্রেমোনেস ম্যাচের পর মরিনহো বলেছিলেন, লাল কার্ড দেখার মতো কিছু করেননি তিনি এবং চতুর্থ অফিসিয়াল তাকে উস্কানি দিয়েছিলেন।