ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেরা সাফল্য পাওয়ার লক্ষ্য আর্চারদের

ক্রীড়া পতিবেদক
প্রকাশিত: ১১:৪৪, ১৪ মার্চ ২০২৩
সেরা সাফল্য পাওয়ার লক্ষ্য আর্চারদের
ফাইল ফটো

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারি টুর্নামেন্ট স্টেজ-১ খেলতে তাইওয়ান এবং চাইনিজ তাইপেতে গেছে বাংলাদেশের আর্চাররা। আগামীকাল শুরু হবে এবারের আসর। গতকাল দেশ ছাড়ার আগেই পদক নিয়ে ফেরার কথা জানান দেশসেরা নারী আর্চার দিয়া সিদ্দিকী। 

সোমবার দিবাগত রাতে তাইওয়ানের উদ্দেশে দেশ ছাড়ছেন দিয়া সিদ্দিকী-হাকিম আহমেদ রুবেলরা। কাল আসরের মূল পর্ব শুরু হলেও বাংলাদেশের আর্চাররা নামবে পরের দিন বৃহস্পতিবার। কাল টিম ম্যানেজারস মিটিং, ইকুইপমেন্ট ইন্সপেকশন ও অফিসিয়াল প্র্যাকটিস অনুষ্ঠিত হবে। ১৬ মার্চ বৃহস্পতিবার টুর্নামেন্টের কোয়ালিফিকেশন রাউন্ড অনুষ্ঠিত হবে। ৯ সদস্যের দলে ৬ জন আর্চার, দুই জন কোচ এবং টিম ম্যানেজার হিসেবে যাচ্ছেন।

গত বছর এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারি টুর্নামেন্ট স্টেজ-১ এ সবমিলিয়ে তিনটি সোনা জিতেছিল দেশের আর্চাররা। মেয়েদের দলগত রিকার্ভ, মিশ্র দ্বৈতের পর সোনা এসেছিল রিকার্ভ মহিলা এককেও। দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে দিয়া বলেন, ‘অবশ্যই ভালো কিছুর লক্ষ্যে যাচ্ছি। প্রত্যেকটা এশিয়া কাপেই আমাদের লক্ষ্য থাকে সেরা সাফল্য পাওয়ার। চেষ্টা করব এবারও পদক নিয়ে ফেরার।’

Advertisement

১০ ইভেন্টের এই প্রতিযোগিতায় বাংলাদেশের আর্চাররা অংশ নেবে সাতটিতে; রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত।  

এদিকে দেশের অন্যতম সেরা আর্চার রোমান সানার নিষেধাজ্ঞা থেকে শর্ত সাপেক্ষে অব্যাহতি মিলেছে। তবে এখনই জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না তিনি। গত সপ্তাহে ট্রায়ালে ফিরেছেন তিনি। এপ্রিলে দ্বিতীয় ট্রায়ালে নিজেকে প্রমাণ করেই জাতীয় দলে খেলার সুযোগ পাবেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আর্চার
লিংক সফলভাবে কপি হয়েছে!