ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রীতি ম্যাচের আগে ব্রাজিল দলে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৬, ২০ মার্চ ২০২৩
প্রীতি ম্যাচের আগে ব্রাজিল দলে বড় দুঃসংবাদ
ব্রাজিল দল

কাতার বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্সের পর আগামী ২৫ মার্চ প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে সেলেসাওরা।

ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে ঘোষিত সেই দলে নেইমারের নাম ছিল না। এবার ইনজুরির কারণে দল থেকে বাদ পড়লেন টটেনহ্যাম ফরোয়ার্ড রিচার্লিসন ও পিএসজি ডিফেন্ডার মার্কুইনহোস। কনফেডারেশন অফ ব্রাজিল ফুটবল (সিবিএফ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

রিচার্লিসন ও মার্কুইনহোসের এই ইনজুরির কারণে বেশ ভুগতে হবে ব্রাজিলকে। কারণ বিশ্বকাপে বিস্ময় সৃষ্টি করে সেমিফাইনালে খেলা মরক্কোর বিরুদ্ধে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচটিতে সেলেসাও দলে শীর্ষ সারির কোন ফুটবলারই আর থাকলো না।

Advertisement

শনিবার (১৮ মার্চ) সাউদাম্পটনের সঙ্গে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন ২৫ বছর বয়সী রিচার্লিসন। সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার রিচার্লিসনের সঙ্গে যোগাযোগ করেছে। টটেনহ্যাম জানিয়েছে প্রীতি ম্যাচে খেলার মত যথেষ্ঠ ফিট অবস্থায় নেই রিচার্লিসন।’

এদিকে, ২৮ বছর বয়সী মারকুইনহোস এখনো পেশির ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে পারেননি। সে কারণেই প্রীতি ম্যাচের আগে তার সুস্থ হয়ে ওঠার কোন সম্ভাবনাই নেই। 

ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ রামোন মেনজেস রিচার্লিসনের স্থানে সাও পাওলোর ২২ বছর বয়সী ইউরি আলবার্তো ও মার্কুইনহোসের জায়গায় জুভেন্টাসের ২৬ বছর বয়সী ব্রেমারকে দলে ডেকেছেন। এই প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন আলবার্তো। ব্রেমার অবশ্য ২০২২ কাতার বিশ্বকাপে দলে ছিলেন।

অনূর্ধ্ব-২০ দলের কোচ মেনজেসের অধীনে গত মাসে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে অপরাজিত শিরোপা জিতেছিল ব্রাজিল। আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য মেনজেস অপেক্ষাকৃত তরুণদের দলে রেখেছেন, এর মধ্যে বিশ্বকাপ দলের রয়েছেন ১০ জন। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!