তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে বল হাতে তিন উইকেট শিকার করেন শাদাব। এতে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এজন্য দলটির বর্তমান অধিনায়ক শাদাবকে অভিনন্দন জানিয়েছেন আফ্রিদি।
এতদিন পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছিল শহিদ আফ্রিদির।
.png)
সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচে আফগানদের হারানোর দিনে ১৩ রানে ৩ উইকেট নেন শাদাব। এতে আফ্রিদির রেকর্ড তো ভাঙেনই, পাশাপাশি আরেকটি কীর্তিও গড়েন এই লেগ স্পিনিং অলরাউন্ডার।
শাদাব খান এখন পাকিস্তানের একমাত্র বোলার, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ উইকেট নিয়েছেন। এ সংস্করণে ৮৭ ম্যাচে তার মোট শিকার ১০১ উইকেট। পূর্বসূরি আফ্রিদির সংগ্রহ ৯৮ উইকেট। তিনি খেলেছিলেন ৯৯টি ম্যাচ।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আফ্রিদি লেখেন, অভিনন্দন শাদাব খান। তুমি আমার রেকর্ড ভেঙে দিয়েছ। পাকিস্তানের দুর্দান্ত একজন পারফর্মার তুমি এবং আমি তোমার আরও সাফল্য কামনা করি।