বুধবার (২৯ মার্চ) এক অনুষ্ঠানে তাদের নাম যুক্ত করার বিষয়টি জানায় ইপিএল। ২০২১ সালে হল অব ফেম শুরুর পর প্রথম জায়গা পেলেন কোনো কোচ।
প্রিমিয়ার লিগ যুগ শুরুর পর থেকে এমনকি ২০১৩ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন ফার্গুসন। তার হাত ধরে রেকর্ড ১৩টি লিগ শিরোপা জেতে ক্লাবটি।
.png)
ইংলিশ ফুটবলের ইতিহাসে আরেক সমৃদ্ধ কোচ ভেঙ্গার। প্রিমিয়ার লিগে সবচেয়ে দীর্ঘ সময়ে কোচিং করানোর কীর্তি তারই। ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ছিলেন আর্সেনালের ডাগআউটে। তার কোচিংয়ে লন্ডনের দলটি তিন বার লিগ চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতাটির ইতিহাসে একাধিক লিগ শিরোপা জয়ের তালিকায় ফার্গুসন ও ভেঙ্গারের সঙ্গে আছেন কেবল পেপ গুয়ার্দিওলা (৪) ও জোসে মরিনিয়ো (৩)। হল অব ফেমে জায়গা পেয়ে উচ্ছ্বসিত ৮১ বছর বয়সী ফার্গুসন। তিনি বলেন, ‘এতে অন্তর্ভুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই ধরনের স্বীকৃতি পাওয়া সবসময় সম্মানের।’
আর্সেনালের প্রতি ভালোলাগার দিকটি উল্লেখ্য করে ৭৩ বছর বয়সী ভেঙ্গার বলেন, ‘আমি এমন একজন ব্যক্তি হিসেবে পরিচিত হতে চাই যে আর্সেনালকে ভালোবেসেছিল, যে ক্লাবের মূল্যবোধকে সম্মান করেছিল এবং দলটিকে এমন একটি অবস্থানে রেখে গিয়েছিল, যেখান থেকে তা আরও বড় হতে পারে।’