আইপিএলের নতুন আসরের প্রথম ম্যাচেই দুঃসংবাদ পেয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। পুরোপুরি ফিট না থাকার কারণে নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে মিস করবে দলটি।
তবে বিষয়টি অস্বীকার করে চেন্নাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাশী বিশ্বনাথন বলেন, ‘ধোনি শতভাগ সুস্থ আছেন। তাকে নিয়ে কোনো শঙ্কা নেই। আমি এর বেশি কিছু জানি না।’
.png)
আরেকটি সূত্র বলছে, ধোনিকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইবে না চেন্নাই। যদি একান্তই চোট থাকে, তাহলে প্রথম ম্যাচে বিশ্রাম দিয়ে পরের ম্যাচগুলোয় সুস্থ ধোনিকে খেলাতে চাইবে দলটি।
এ অবস্থায় হার্দিক পান্ডিয়ার গুজরাটের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ধোনি খেলবেন কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়কদের ফটোসেশনে যোগ দিয়েছিলেন ধোনিও। সেখানে তাকে পুরোপুরি ঠিকই মনে হয়েছিল। কিন্তু পরে জানা যায়, বাঁ-হাঁটুতে চোট পেয়েছেন এই ক্যাপ্টেন কুল।
সেদিন আনুষ্ঠানিক নানা কাজে ধোনি উপস্থিত থাকলেও তাকে অনুশীলনে দেখা যায়নি। তারপরই মূলত তার চোট নিয়ে গুঞ্জন তৈরি হয়।
এর আগে সোমবার চেন্নাইয়ে অনুশীলন করার সময় ধোনির হাঁটুতে সমস্যা দেখা যায়। সেখানে খুড়িয়ে হাঁটতে দেখা যায় ধোনিকে। সেই চোটই তাকে এখনও ভোগাচ্ছে। তাই হয়তো ম্যাচের আগেরদিন অনুশীলন করে বাড়তি চাপ নিতে চাননি।