বৃহস্পতিবার ঢাকা টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরির দেখা পান টাকার। এর মধ্য দিয়ে দ্বিতীয় আইরিশ ব্যাটার হিসেবে টেস্টে ও নিজের সাদা পোশাকের অভিষেক ম্যাচে সেঞ্চুরির রেকর্ড করেছেন তিনি।
তৃতীয় দিনের ৮০ ওভার শেষে তিন অংক ছুঁয়ে ফেলেন লরকান টাকার। নতুন বলে তাইজুল ইসলামের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে দুই রান নিয়ে সেঞ্চুরি করেন তিনি।
.png)
এর আগে দ্বিতীয় দিনের শেষে ২৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল আইরিশরা। পরে ৫১ রানে পাঁচ উইকেট হারানোর পর বাইশ গজে আসেন টাকার।
এরপর ম্যাকব্রিনকে সঙ্গী করে ধীরে ধীরে ইনিংস লম্বা করতে থাকেন টাকার। অবশেষে সাদা পোশাকে নিজের অভিষেক সেঞ্চুরির দেখা পান তিনি। ১৪৯ বলে ১৩ চার ও ১ ছয়ে তিন অংকে পৌঁছান টাকার। ম্যাকব্রিনের সঙ্গেও শতরানে জুটি করেন এ ব্যাটার।
অবশ্য সেঞ্চুরির ইনিংস লম্বা করতে পারেননি টাকার। ব্যক্তিগত ১০৭ রানে তাকে ফিরিয়েছেন টাইগার পেসার এবাদত হোসেন।
এর আগে ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন কেভিন ও'ব্রায়েন। ও'ব্রায়েনের সেঞ্চুরিটিও ছিল দলের দ্বিতীয় ইনিংসে।