সাফের প্রস্তুতি ক্যাম্প নিয়ে ভাবছে বাফুফে
চলতি বছরের ২১ জুন ভারতের মাটিতে আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশীপের ১৪ তম আসর। আসন্ন এ আসরকে ঘিরে নানা রকম পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেজন্য প্রথমেই জাতীয় দলের জন্য সাফের প্রস্তুতিমূলক ক্যাম্প করতে চায় দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ক্যাম্প কোথায় করবে? দেশের মাটি নাকি বিদেশের মাটিতে সেটি নিয়ে এখনো ভাবছে বাফুফে।
রোববার জাতীয় দল কমিটির মিটিং শেষে গণমাধ্যমকে এই কথা বলেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, আজকে আমাদের জাতীয় দল কমিটির মিটিং হয়েছে। এখানে আমরা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছি। গত মার্চ উইন্ডোতে আমাদের পারফর্ম্যান্স নিয়ে আলোচনা করেছি। জুন মাসের উইন্ডো নিয়েও আলোচনা হয়েছে। সেখানে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ আছে। বিভিন্ন অপশন নিয়ে আমরা ভাবছি, আলোচনা করছি, কোথায় অনুশীলন হতে পারে, কী আঙ্গিকে করব, কার সঙ্গে সাফের প্রস্তুতি হিসেবে ম্যাচ খেলা যায়।’
সাফের পর আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে ফিফা উইন্ডো নিয়েও করেছে নানা পরিকল্পনা। এ প্রসঙ্গে নাবিল আরো বলেন’ ‘সেপ্টেম্বর ও অক্টোবরে আমাদের আরেকটি উইন্ডো আছে, তখন অলিম্পিক ম্যাচ আছে, ফিফা কোয়ালিফায়ার্সও আছে। এই সব যখন চলবে, তখন আবার ক্লাবের ব্যস্ততা থাকবে, যেহেতু আমাদের দুটো ক্লাব এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলতে পারে… সার্বিক বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। যে নির্দেশনাগুলো আমরা দিয়েছি ঈদের পরে মিলিত হয়ে তার ফিডব্যাক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তগুলো নিতে সক্ষম হব আমরা।’
.png)