মঙ্গলবার আহমেদাবাদে গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এ ম্যাচে ৫৫ রানে যান রোহিতরা। মূলত এরপরই রোহিতকে বিশ্রামের পরামর্শ দেন ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার।
ভারতীয় কিংবদন্তী বলেছেন, ‘মুম্বাইয়ের ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন দেখতে চাই। সততার সঙ্গে এটাও বলতে চাই যে, রোহিতেরও আপাতত কিছু সময়ের জন্য বিশ্রামে যাওয়া উচিত এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নিজেকে ফিট রাখা উচিত। শেষ কয়েকটি ম্যাচের জন্য সে আবার আসতে পারে। তবে এই মুহূর্তে তার শ্বাস নেওয়া প্রয়োজন।’
.png)
এবারের মৌসুমে দলের মতো নিজের পারফরম্যান্স খারাপ রোহিতের। গতকাল মাত্র ২ রান করতে পেরেছেন তিনি। সব মিলিয়ে ৭ ম্যাচে ১৮১ রান করেছেন এখন পর্যন্ত। ফিফটি একটি। এমন কঠিন মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়েও হয়তো ভাবতে পারেন এমনটা মনে করছেন গাভাস্কার।
টেস্টে সর্বপ্রথম ১০ হাজার রানের মালিক বলেছেন, ‘তাকে কিছুটা আচ্ছন্ন দেখাচ্ছে। মনে হয়, ফাইনাল নিয়ে এখনই ভাবা শুরু করেছে। সত্যি কিনা জানি না। তবে বিশ্বাস করি যে, এই মুহূর্তে তার একটু বিশ্রাম প্রয়োজন। ফাইনালের আগে ছন্দে ফেরার জন্য শেষ দিকে তিন বা চার ম্যাচে ফিরে আসতে পারে।’
শুধু রোহিতকে নিয়েই কথা বলেননি গাভাস্কার। ভারতীয় অধিনায়কের আইপিএল দল নিয়েও কথা বলেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন দল গত মৌসুমে তলানিতে শেষ করেছিল। এবারের অবস্থানও ভালো না। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে তারা। এখান থেকে প্লে অফে খেলতে মিরাকল কিছু করতে হবে বলে মনে করছেন গাভাস্কার।