আইপিএলে দুঃসংবাদ পেলেন রয়
চলমান আইপিএলে সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বুধবার কলকাতাকে জয়ের ধারায় ফেরাতে দুর্দান্ত এক ইনিংস খেলেন জেসন রয়। এদিন দলকে জিতিয়েও দুঃসংবাদ পেলেন এ ইংলিশ ব্যাটার।
বুধবার রাতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাঙ্গালুরুর বিপক্ষে দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি করেন রয়। তার ব্যাটে ২০০ রানের বিশাল সংগ্রহ পায় কলকাতা। এতে ২১ রানে আসরের তৃতীয় জয় তুলে নিয়েছে শাহরুখের মালিকানাধীন দলটি।
ব্যাঙ্গালুরুর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পরও ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে রয়কে। ম্যাচ শেষে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ।
.png)
মূলত আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২ ধারা ভঙ্গের দায়ে রয়কে অভিযুক্ত করা হয়। এরপর তিনি দোষ স্বীকার করে নিলে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। রয়কে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি।
আইপিএলের বিবৃতিতে বলা হয়, ‘কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার জেসন রয়কে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ অর্থ জরিমানা করা হল। রয় ২.২ ধারার লেভেল-১ এ আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন।’
এই ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করেছিল কলকাতা। যেখানে ২৯ বলে ৫৬ করেন রয়। জবাবে নির্ধারিত ২০ ওভার ৮ উইকেটে ১৭৯ রানের বেশি করতে পারেনি বিরাট কোহলির দল। ফলে ২১ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে কলকাতা।