বৃহস্পতিবার ইংল্যান্ডের ফলমার স্টেডিয়ামে ইউনাইটেডের মুখোমুখি হয় ব্রাইটন। এ ম্যাচে রেড ডেভিলসদের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এক লাফে দুই ধাপ ওপরে উঠে এসেছে ব্রাইটন। বর্তমানে তাদের অবস্থান ষষ্ঠ স্থানে।
ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় ইউনাইটেড। মাঝমাঠে পজিশন হারায় ব্রাইটন, সেখান থেকে থ্রু পাস বাড়ান ব্রুনো ফার্নান্দেজ। দারুণ পজিশনে থেকেও লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশ করেন আন্তোনি।
.png)
দুই মিনিট পর ইউনাইটেডের ভুলে আরো বড় সুযোগ পায় ব্রাইটন। সতীর্থের উদ্দেশ্যে দুর্বল পাস বাড়ান ডিফেন্ডার ভিক্টর লিনদেলোভ, মাঝপথে বল ধরে বক্সে ঢুকে পড়েন জাপানের মিডফিল্ডার কাওরু মিতোমা। গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে নেন জোরাল শট; কিন্তু ডি গিয়ার মুখে লেগে বল যায় বাইরে। বেঁচে যায় সফরকারীরা।
বিরতির আগের কয়েক মিনিটে আবার চাপ বাড়ায় ব্রাইটন। ৪৫তম মিনিটে তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার ফাকুন্দোর একটু বাঁকানো শটে বল দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও পজিশনে আধিপত্য করার পাশাপাশি টানা আক্রমণ করতে থাকে ব্রাইটন। প্রথমার্ধে গোলের উদ্দেশে সাতটি শট নেওয়া দলটি এই অর্ধে প্রথম ২৫ মিনিটে নেয় আরো সাত শট, কিন্তু লক্ষ্যে রাখতে পারে কেবল একটি।
ম্যাচের নব্বই মিনিটের সঙ্গে যোগ করা অতিরিক্ত পাঁচ মিনিটে বলা যায় নিজেদের বক্সের বাইরেই বের হতে পারেনি ইউনাইটেড। একের পর এক যেন তাদের ওপর আছড়ে পড়ছিল আক্রমণের ঢেউ। কোনোমতে ঘর সামলে ১ পয়েন্টের সম্ভাবনায় ভালোমতোই ছিল তারা; কিন্তু শেষ মিনিটে ঘটে নাটকীয়তা।
কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন ইউনাইটেড ডিফেন্ডার লুক শ। ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর নিখুঁত স্পট কিকে দলকে উচ্ছ্বাসে ভাসান বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালিস্টার।
এই হারে লিগ টেবিলে তৃতীয় স্থানে ওঠার সুযোগ হারাল ইউনাইটেড; ৩৩ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে তারা। ৮ পয়েন্ট কম নিয়ে তাদের দুই ধাপ নিচেই ব্রাইটন, অবশ্য একটি ম্যাচ কম খেলেছে তারা।