ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোহিত-কোহলিদের বাদ দিতে বললেন ভারতের সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:২২, ১৫ মে ২০২৩
রোহিত-কোহলিদের বাদ দিতে বললেন ভারতের সাবেক কোচ
ছবি- সংগৃহীত

আগামী অক্টোবরে ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। এর পরের বছরই পর্দা উঠবে টি-২০ বিশ্বকাপের। ওই আসরে ভারতের অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলিদের বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন দেশটির সাবেক কোচ রবি শাস্ত্রী। 

তার মতে, চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) দুর্দান্ত পারফর্ম করছেন ভারতীয় তরুণ ক্রিকেটাররা। আগামী দিনের জন্য তাদের গড়ে তুলতেই রোহিত শর্মা-বিরাট কোহলিদের সাময়িক সময়ের জন্য দলের বাইরে চান তিনি। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে সেরা ফলাফল আনতে নতুনদের সুযোগ দেওয়ার পক্ষেই মত শাস্ত্রীর।

চলমান আইপিএলে দারুণ পারফর্ম করছেন যশস্বী জসওয়াল, জিতেশ শর্মা, তিলক ভার্মা, নেহাল ওয়াধেরা, রিংকু সিং, প্রভসিমরান সিং, আনমলপ্রীত সিংদের মতো ক্রিকেটাররা। জসওয়াল, রিংকু, জিতেশরা যেমন আন্তর্জাতিক তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে নিয়মিত রান করে দল জেতাচ্ছেন, বাকিরাও প্রয়োজন অনুযায়ী দারুণ খেলছেন।

Advertisement

বিশেষ করে ১২০-৩০ বা ১৭০-৮০, এমনকি দুইশর বেশি স্ট্রাইক রেটেও রান করছেন অনেকেই। এসব প্রতিভাবানদের হারাতে চান না শাস্ত্রী। দ্রুতই তাদের ভারতীয় দলে চান সাবেক এই ক্রিকেটার।

শাস্ত্রী বলেন, ‘এরপর প্রথম যে টি-২০ সিরিজই আসে, এই তরুণদের খেলানো উচিত। এদের সামনে আনা উচিত। তাদের এখনই প্রস্তুত করা উচিত। রোহিত, কোহলির মতো ক্রিকেটাররা আগেই প্রমাণিত। আপনি জানেন তারা কী করতে পারে।’

তিনি আরো বলেন, ‘আমি আইপিএলে পারফর্ম করাদেরই দলে চাইব যেন তারা সুযোগ পায়। এতে তারাও যেমন সুযোগ পাবে, রোহিত-কোহলিরাও ওয়ানডে আর টেস্ট ক্রিকেটের জন্য নিজেদের সতেজ রাখতে পারবে।’

ক্রিকইনফোর অনুষ্ঠানে শাস্ত্রীর এমন আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়, তাহলে রোহিত, কোহলি বা লোকেশ রাহুলরা কি জাতীয় দলের হয়ে টি-২০তে খেলবেন না?

জবাবে শাস্ত্রী বলেন, এক বছর অনেক লম্বা সময়। কেউ ফর্মে থাকতে পারে। ফর্ম হারাতেও পারে। আপনার ওই সময়ের সেরা ক্রিকেটারকে খুঁজে বের করতে হবে। অবশ্যই অভিজ্ঞতা বা ফিটনেস- এসবও বিবেচনায় আসবে। কে সেই মুহূর্তে ধারাবাহিক, রান করছে কিনা, কোথায় রান করছে- এসবও দেখতে হবে।

তার ভাষ্যে, দলে সঠিক পজিশনের জন্য সঠিক ক্রিকেটারকে দরকার। কেউ যদি ফ্র্যাঞ্চাইজিতে তিন-চারে ব্যাটিং করে তাহলে জাতীয় দলে তাকে দিয়ে আপনি ওপেন করাবেন বা ছয়ে নামাবেন- ব্যাপারটা কিন্তু তেমন নয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!