এদিকে ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে হঠাৎই সংবাদমাধ্যমে খবর আসে, দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে প্রেমের সম্পর্কে ভেঙে গেছে রোনালদোর। মূলত এরপর থেকেই রোনালদো-রদ্রিগেজের সম্পর্ক নিয়ে নানা মহলে গুঞ্জন রটে যায়।
স্প্যানিশ টিভি প্রোগ্রাম সোসিয়ালাইটে দাবি করা হয়, সম্প্রতি সৌদি আরবের রিয়াদে শপিংমলে ঘণ্টার পর ঘণ্টা কেনাকাটা করেন সুপারমডেল রদ্রিগেজ। এরপর তার ওপর ভীষণ চটে যান রোনালদো। এ নিয়ে তিক্ততা এতদূর গেছে যে, শিগগিরই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন তারা।
.png)
তবে এ গুঞ্জন অস্বীকার করেছেন রদ্রিগেজ। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি দাবি করেছেন, কেবল ‘ইডিয়টরাই’ এ গুজবে কান দেবেন। পরে রদ্রিগেজের সঙ্গে একটি রোমান্টিক ছবি শেয়ার করেন রোনালদো। যাতে তাদের একসঙ্গে খেতে এবং কিস করতে দেখা যায়। যার ক্যাপশন ছিল, প্রেমের উল্লাস।
কাছাকাছি সময়ে পর্তুগালের মাদেইরায় একটি দোকান উদ্বোধন করেন আভেইরো। সেখানে পুরো বিষয়টি পরিষ্কার করেন তিনি। বাতাসে ভেসে বেড়ানো কথাবার্তাকে বানোয়াট বলে উড়িয়ে দেন।
আভেইরো বলেন, সব মিথ্যা। প্রত্যেক জুটির মাঝেই ঝগড়া হয়। তর্কে-বিতর্কে জড়ায় তারা। তবে রোনালদো-রদ্রিগেজকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, সেসব মিথ্যা।
প্রসঙ্গত, প্রায় ৭ বছর ধরে একসঙ্গে রয়েছেন রোনালদো-রদ্রিগেজ। সৌদি আরবে তাদের প্রায়ই ঘোরাঘুরি করতে দেখা যায়। দেশটিতে অবিবাহিত অবস্থায় একসঙ্গে থাকার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে বিশেষ কারণে এ জুটিকে সেই অনুমতি দেয়া হয়েছে।