ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘দেশের মাটিতে সিরিজ, ভালো খেলব আশা করি’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৬, ২০ মে ২০২৩
‘দেশের মাটিতে সিরিজ, ভালো খেলব আশা করি’
ছবি- সংগৃহীত

আগামী অক্টোবরে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসরের আগে এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে আপাতত আফগানিস্তান সিরিজ নিয়েই ভাবছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

শুক্রবার নিজ বাসায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এখানে কোনো এক্সপেরিমেন্ট (পরীক্ষা) হবে না। আফগানিস্তান খুবই ভালো দল। যেহেতু তাদের বিপক্ষে আমাদের একটা খারাপ অভিজ্ঞতা আছে, গত টেস্ট ম্যাচটা হেরেছি। তাই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। তাদের বিপক্ষে সেরা দলকেই নামানো হবে।’

এদিকে আয়ারল্যান্ড সিরিজ শেষ করে তিনদিন আগে দেশে ফিরেছেন টাইগার ক্রিকেটাররা। আগামী এক মাস কোনো ব্যস্ততা না থাকায় বিশ্রাম পেয়েছেন তারা। এর মাঝেই আফগান সিরিজের সূচি নির্ধারিত করা হয়েছে। 

Advertisement

আগামী ১৪ জুন থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। এই সিরিজটি বিশ্বকাপের আগে বাংলাদেশের দল যাচাইয়ের অন্যতম সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যে কারণে টাইগারদের সেরা দলটাকেই এই সিরিজে নামানো হবে।

আয়ারল্যান্ড সিরিজ থেকে আঙুলের চোটে ভুগছেন অধিনায়ক সাকিব আল হাসান। যে কারণে তাকে আইরিশদের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে পাওয়া যায়নি। আফগান সিরিজেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তবে নান্নু মনে করেন টেস্টে না থাকলেও, সাকিবকে ওয়ানডে এবং টি-২০ সিরিজে পাওয়া যাবে।

বিসিবির এই প্রধান নির্বাচক বলেন, ‘গত টেস্ট ম্যাচটা আয়ারল্যান্ডের বিপক্ষে এখানে (মিরপুরে) ভালো খেলেছি। ভারতের সঙ্গেও আমরা ভালো খেলেছি। যদিও খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম। আমার মনে হয়, মিরপুরে আমরা ভালো চ্যালেঞ্জ জানাতে পারব। দেশের মাটিতে সিরিজ, ভালো খেলব আশা করি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!