বাঙালি ভক্তদের চমকে দিলেন মার্টিনেজ
আগামী জুলাইয়ের শুরুতে বাংলাদেশের ঢাকা ও ভারতের কলকাতা শহরে ভ্রমণে আসবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এরই মধ্যে, বাঙালি ভক্তদের চমকে দিলেন তিনি। সামাজিক মাধ্যমে এমি লিখেছেন, আমি তোমাদের ভালোবাসি।
মার্টিনেজকে দক্ষিণ এশিয়া ট্যুরে নিয়ে আসছেন ফুটবল ‘অন্তপ্রাণ’ শতদ্রু দত্ত। এর আগে ম্যারাডোনা, পেলে, কাফুকে কলকাতায় এনেছিলেন তিনি।
কলকাতা থেকে কদিন আগে স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত এসোসিয়েটসের শতদ্রু দত্ত গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘সে (মার্টিনেজ) নিজে থেকেই বাংলাদেশের কথা বলেছে। যেহেতু সে কলকাতা আসছেই তাই আমরাও চাই তার ইচ্ছাপূরণ হোক বাংলাদেশে ঘুরে এসে’।
এদিকে ফেসবুকে এক পোস্টে আসন্ন এই সফর নিয়ে মার্টিনেজ লিখেছেন, ‘হ্যালো সবাই, আমি ৩রা জুন থেকে ৫ই জুন পর্যন্ত ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব এবং মোহনবাগান ক্লাবে একটি দাতব্য ফুটবল ম্যাচের প্রধান অতিথি হওয়া ছাড়াও অনেক দাতব্য কার্যক্রমে অংশগ্রহণ করব। আমি জানি কলকাতা এবং বাংলাদেশের প্রচুর আর্জেন্টিনার ভক্ত রয়েছে এবং তাদের সঙ্গে দেখা করতে তর সইছে না।’
এরপরই মার্টিনেজ লিখেছেন, আমি তোমাদের ভালোবাসি!
প্রসঙ্গত, ২০২২ সালে কাতার ফুটবল বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে আর্জেন্টিনা। এ ম্যাচ জয়ের পেছনে গুরুত্বরপূর্ণ ভূমিকা পালন করেন মার্টিনেজ। এজন্য ওই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভসও তার হাতেই উঠেছে।