তবে চলতি মৌসুম শেষেই জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরাবে ডি মারিয়ার। অবশ্য ক্লাবটি জানিয়ে দিয়েছে নতুন করে আর এই বিশ্বকাপজয়ীর সঙ্গে চুক্তি করবে না তারা। ক্লাবটিতে যোগ দিয়ে ইনজুরি জর্জরিত মৌসুমে ক্লাবটির হয়ে ৩৯ ম্যাচে ৮ গোলের পাশাপাশি করেছেন ৭টি অ্যাসিস্ট। তার পারফরম্যান্স মন ভরাতে পারেনি সিরি আ' জায়ান্টদের। তাই নতুন করে আর চুক্তি করতে ইচ্ছুক নয় ক্লাবটি।
লিওনেল মেসির মতোই তার এই সতীর্থের ভবিষ্যৎ নিয়েও চলছে নানা গুঞ্জন। সেখানেই যোগ হয়েছে তার পুরোনো ক্লাবে ফেরার সম্ভাবনার খবরও। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখা ডি মারিয়াকে দলে ভেড়াতে চায় ইউরোপে তার প্রথম ক্লাব বেনফিকা।
.png)
দলবদলের নির্ভরযোগ্য সংবাদদাতা ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানও জানিয়েছেন, আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকাকে দলে ভেড়াতে এখনও তার সঙ্গে আলোচনায় না বসলেও প্রিমেরা লিগার চ্যাম্পিয়ন দলটি গুরুত্বের সঙ্গে তার কথা ভাবছে। আগামী সপ্তাহেই তারা ডি মারিয়াকে ফ্রি এজেন্ট হিসেবে বিনা মূল্যে সাবেক ক্লাবে ফেরার প্রস্তাব দেবে। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত পর্তুগালের এই ক্লাবটির হয়ে খেলেছেন ডি মারিয়া। ক্লাবটির হয়ে আর্জেন্টাইন তারকা একবার প্রিমেরা লিগা ও দুবার লিগ কাপ জিতেছেন।
তবে ডি মারিয়াকে দলে ভেড়ানোর লড়াইয়ে বেনফিকাই একমাত্র দল নয়। গতবারের মতো এই গ্রীষ্মেও এই আর্জেন্টাইনের দিকে নজর রাখছে লা লিগার জায়ান্ট বার্সেলোনা। এ ছাড়াও সৌদি আরব থেকেও আছে লোভনীয় প্রস্তাব। তবে ফ্যাব্রিজিও রোমানোর দেয়া খবর অনুযায়ী ৩৫ বছর বয়সী ডি মারিয়া এত দ্রুত ইউরোপ ছাড়ার পক্ষপাতী নন। আরো কিছুদিন ইউরোপের শীর্ষসারির কোনো ক্লাবে খেলতে চান তিনি।