‘হাঁটতে না পারলেও, মাঠে থাকব’
আগামী ১৬ জুন মাঠে গড়াবে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ। তার আগে বৃহস্পতিবার (১ জুন) আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আসন্ন দুই গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে কপালে চিন্তার ভাজ পড়েছে দেশটির ক্রিকেট বোর্ডের।
হবেই না কেন, একের পর এক ইনজুরির খবরে দিশেহারা ইংল্যান্ড। শুরুতে জোফরা আর্চার এরপর জেমস অ্যান্ডারসন এবং বেন স্টোকসেরও ইনজুরির খবর শোনা যায়। তবে ইংলিশদের মন থেকে উদ্বিগ্নতা দূর করে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
তিনি বলেন, ‘মৌসুমের সব টেস্ট খেলার পরিকল্পনা করছেন তিনি।’
.png)
আগামীকাল শুরু হচ্ছে ইংল্যান্ড-আয়ারল্যান্ডের লর্ডস টেস্ট। সিরিজের একমাত্র টেস্টের আগে স্টোকস হাসিমুখে বলেছেন, ‘আমি হাঁটতে না পারলেও, মাঠে থাকব।’
১৬ জুন থেকে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ক্রিকেট যুদ্ধ। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টকে অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজের প্রস্তুতি হিসেবে নিচ্ছে ইংলিশরা।
হাঁটুতে চোট থাকা সত্ত্বেও গত ফেব্রুয়ারিতে নিউজল্যান্ড সফরে গিয়েছিলেন স্টোকস। সদ্য সমাপ্ত আইপিএলের চেন্নাই সুপার কিংসের হয়েও দুই ম্যাচ খেলেছেন। ৩১ বছর বয়সী অলরাউন্ডার বলেন, নিউজিল্যান্ড সফরের চেয়ে এখন তাঁর হাঁটুর অবস্থা ভালো আছে। স্টোকস জানিয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে খেলবেন তিনি।
স্টোকস আরো বলেন, ‘আমি যা করেছি তা হলো, আমি নিজেকে এমন এক অবস্থানে নিয়ে এসেছি যেখানে আমি পিছু ফিরে তাকাতে পারি না। অনুশোচনা করতে পারি না। বলতে পারি, এই মৌসুমে আমি বল হাতে তেমন সুবিধা করতে পারিনি।’