রোববার আর্জেন্টিনার লা প্লাতায় দিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে ইতালিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে। ইতালি প্রথমবার ফাইনালে উঠেছে। আর উরুগুয়ের ফাইনাল হারের অভিজ্ঞতা ছিল দুইবার।
অন্যদিকে সবশেষ চার আসরে শিরোপা গিয়ে ইউরোপের দেশগুলোতে। দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে সর্বশেষ ২০১১ সালে শিরোপা জিতেছিল ব্রাজিল। এক যুগ পর সেই আক্ষেপ ঘুচালো উরুগুয়ের যুবারা।
.png)
গতকাল ইতালিকে চেপে ধরে উরুগুয়ে। পুরো আসরের মতো ফাইনালেও তাদের রক্ষণ ছিল জমাটবাঁধা। সেই গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে তিন গোল হজম করেছিল, এরপর আর কোনো গোলই খায়নি তারা। কিন্তু ফাইনালে গোল পেতে গলদঘর্ম ছুটে যায় তাদের।
গোলশূন্য প্রথমার্ধের পর উরুগুয়ের কাঙ্ক্ষিত সেই মুহূর্তটি আসে ৮৬তম মিনিটে। ক্লোজ রেঞ্জ থেকে দারুণ হেডে গোলটি করেন লুসিয়ানো রদ্রিগেস। সেটাই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
উল্লেখ্য, এবারের টুর্নামেন্টটি আয়োজন করার কথা ছিল ইন্দোনেশিয়ার। কিন্তু দেশটিতে ইসরায়েলিদের অংশগ্রহণের প্রতিবাদ শুরু হওয়ায় শেষ মুহূর্তে সেখান থেকে টুর্নামেন্টটি প্রত্যাহার করে আর্জেন্টিনায় নিয়ে যায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কোয়ালিফাই না করা আর্জেন্টিনার কপাল খুলে। তবে তারা বেশিদূর যেতে পারেনি। দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ে।