টি-২০ দলে ফিরলেন আফিফ-এবাদত,না খেলেই বাদ জাকির
আফগানিস্তানের বিপক্ষে টি-২০ দলের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরলেন পেসার এবাদত হোসেন চৌধুরী ও অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।
সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের ছিলেন জাকের আলী অনিক। কেবল তিনিই বাদ পড়লেন এবারের সিরিজে। এই উইকেটরক্ষক ব্যাটার গত সিরিজে জাতীয় দলে ডাক পেলেও লাল-সবুজ জার্সিতে মাঠে নামার সুযোগ হয়নি। কোনো ম্যাচ না খেলেই বাদ পড়লেন তিনি। তবে টিকে গেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
গতকাল শেষ হয়েছে একমাত্র টেস্ট। এদিন ঘোষণা করা হয় ওয়ানডে স্কোয়াড। আজ রোববার (১৮ জুন) বিসিবি নিশ্চিত করল টি-২০ সিরিজের স্কোয়াড।
আগামী ৫ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই গড়াবে বাকি দুই ওয়ানডে। ১২ তারিখ চট্টগ্রাম থেকে সিলেটের বিমান ধরবে দুই দল।
পরদিন সকালেই অনুশীলনে নামবে সাকিব আল হাসানের সংক্ষিপ্ত ফরম্যাটের দল। এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে ২ ম্যাচের টি-২০ সিরিজ।
বাংলাদেশের টি-২০ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।