এজবাস্টন টেস্টে স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ পয়েন্ট দুটি দল থেকেই কেটে নেয়া হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ১০ আর ইংল্যান্ডের ২ পয়েন্ট। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তি দিয়েছেন। কামিন্স ও বেন স্টোকস দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
.png)
আইসিসির আচরণ বিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে প্রতি ওভার দেরির জন্য ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হবে ক্রিকেটারদের। আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নীতিমালার ১৬.১১.২ অনুচ্ছেদ অনুসারে প্রতি ওভারের জন্য ১ পয়েন্ট কাটা যাবে।
এজবাস্টনে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া দুই দলই নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার করে কম বোলিং করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ম্যাচে জিতলে কোনো দল পাবে ১২ পয়েন্ট। টাই ও ড্র করলে পাবে ৬ ও ৪ পয়েন্ট। হারলে কোনো পয়েন্ট পাবে না।
এদিকে ২৮ জুন লর্ডসে শুরু হবে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। হেডিংলিতে তৃতীয় টেস্ট হবে ৬ জুলাই, চতুর্থ টেস্ট ১৯ জুলাই শুরু হবে ম্যানচেস্টারে। আর ২৭ জুলাই লন্ডনের ওভালে হবে পঞ্চম টেস্ট।