জয়ের চেয়ে বিনোদন বেশি গুরুত্বপূর্ণ, বললেন বয়কট
এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে ইংলিশদের ‘বাজবল’ পরিকল্পনাকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে অজিরা। মূলত তারপর থেকেই সমালোচিত হচ্ছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ও হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। এবার সে তালিকায় যুক্ত হলেন ইংলিশদের সাবেক অধিনায়ক জেফ বয়কট।
গত ১৬ জুন এজবাস্টন টেস্ট দিয়ে শুরু হয়েছে অ্যাশেজ সিরিজ। এ সিরিজের প্রথম টেস্টেই হার মানতে হয়েছে স্বাগতিকদের। আর তাতেই বিপাকে পড়েছে ম্যাককালামের শিষ্যরা।
এজবাস্টনে অনুষ্ঠিত ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচটি পঞ্চম দিনের শেষ বিকেল পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তুমুল উত্তেজনার পর অস্ট্রেলিয়া জয় পেয়েছে ২ উইকেটে। কিন্তু এরপর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন বেন স্টোকস ও ম্যাককালাম।
.png)
ম্যাচ শেষে অধিনায়ক স্টোকস নিজেদের আগ্রাসী খেলার ধরন বজায় রাখার ঘোষণা দিয়েছেন। শুধুমাত্র অ্যাশেজ বলে নিজেদের স্বাভাবিক খেলা ছাড়বেন না বলেও দৃঢ়তা দেখান এই অলরাউন্ডার।
ইংলিশদের এই মনোভাব পছন্দ হয়নি সাবেক অধিনায়ক বয়কটের। এ নিয়ে দ্য টেলিগ্রাফে লেখা একটি কলামে তিনি তীব্র সমালোচনা করেছেন তিনি।
বয়কট লেখেন, ‘অ্যাশেজকে প্রদর্শনী সিরিজে নামিয়ে আনছে ইংল্যান্ড। তারা বাজবল কৌশলেই রয়ে গেছে এবং মনে হচ্ছে, তাদের কাছে জয়ের চেয়ে বিনোদন বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ইংল্যান্ডের সমর্থকরা অন্য যেকোনো কিছুর চেয়ে একটা জিনিস বেশি চায়-অ্যাশেজ জয়।’
তিনি আরো লেখেন, ‘দ্রুত রান তোলার জন্য প্রচুর চার-ছক্কা মারা দারুণ। এটা চমৎকার ব্যাপার। কিন্তু স্রেফ তখনই, যখন ইংল্যান্ড বড় পুরস্কার থেকে চোখ না সরায়, সেটা হলো অস্ট্রেলিয়াকে হারানো। যতই বিনোদন দেওয়া হোক না কেন, সিরিজ শেষে অস্ট্রেলিয়া যদি অ্যাশেজ নিয়ে দেশে ফেরে আমাদের খুবই খারাপ লাগবে।’