সোমবার মাত্র ১১ ঘন্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন মার্টিনেজ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা সফর শেষ করেন তিনি। এরপর কলকাতায় উড়াল দেন আর্জেন্টিনার গোলরক্ষক। সেখানে তাকে নিয়ে বেশ জাকজমকপূর্ণ আয়োজন করেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত।
কলকাতায় আড়াই দিনের মতো থাকবেন মার্টিনেজ। এর মধ্যে প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে বাইপাসের ধারে মিলনমেলা প্রাঙ্গনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর সেখানেই হট্টগোলে গাড়ির কাঁচ ভাঙার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
.png)

মার্টিনেজকে দেখতে আসা ক’জন ভক্ত অভিযোগ করেছেন, অনুষ্ঠানটি শুরু থেকেই ছিল পরিকল্পনাহীন। গাড়ির ওপর ভক্তদের ঝাপিয়ে পড়া দিয়ে যার সমাপ্তি হয়েছে। আগেই মিলনমেলা প্রাঙ্গণে ভিড় জমায় ও পরিকল্পনা ঠিক না থাকায় ২০-২৫ মিনিট পরে অনুষ্ঠানে পৌঁছান মার্টিনেজ। অনুষ্ঠান শুরু হতেই মঞ্চে উঠে পড়েন সাবেক ফুটবলাররা।
জানা গেছে, অনুষ্ঠানে অংশ নেয়াদের আসন তিনভাগে বিভক্ত করা হয়েছিল। কিন্তু ওই নিয়ম উপেক্ষা করে অনেকে সামনে চেয়ার তুলে চলে আসতে শুরু করেন। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যা সামলাতে হিমশিম খায় পুলিশ। অনুষ্ঠানের শুরুর দিকে প্রধান আয়োজক শতদ্রু দত্ত বারবার সতর্ক করেও তাদের থামাতে পারেননি। মঞ্চ ভেঙে পড়ারও উপক্রম হয়েছিল।
সব সামলে কোন মতে ইস্টবেঙ্গল সংবর্ধনা দেয় মার্টিনেজকে। হাতে তুলে দেয় আজীবন সদস্যপদ, উত্তরীয় ও শতবর্ষের কয়েন। মোহনবাগান তুলে দেয় ক্লাবের ১২৫ বছরের স্মারক।