ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিমের হঠাৎ বিদায়ের কারণ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৫, ৬ জুলাই ২০২৩
তামিমের হঠাৎ বিদায়ের কারণ
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন টাইগার দলপতি তামিম ইকবাল। যার মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। তবে হঠাৎই কেন এমন সিদ্ধান্ত নিলেন দেশসেরা এই ওপেনার?

বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলনের ডাক দিয়ে অবসরের ঘোষণা দেন তামিম। সাগরিকার পাড়ে আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের মাঝেই তামিমের সিদ্ধান্তে অবাক হয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

গত মাস থেকে পিঠের চোটে ভুগছেন তামিম। সেই চোটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট মিস করেছেন তিনি। এরপর কোচিং স্টাফদের সঙ্গে নিয়ে নেটে অনুশীলন করেছেন। তবে পুরোপুরি ফিট ছিলেন না এই ব্যাটার।

Advertisement

মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি অবশ্যই আগামীকালের ম্যাচের জন্য আছি। শরীর আগের চেয়ে ভালো। তবে এটা বলব না যে শতভাগ। কাল খেলার পর আরো ভালো বুঝতে পারব যে কী অবস্থা। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত, আমি কাল খেলছি, ইনশাআল্লাহ।’

এরপর বুধবার চট্টগ্রামে আফগান অধিনায়কের সঙ্গে টস করতে আসেন তামিম। যে সিদ্ধান্ত মোটেও সহজভাবে নেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন ও টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এদিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ‘এটি তো আর পাড়া-মহল্লার ম্যাচ নয়। আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে, খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না!’

মূলত আফগানিস্তানের বিপক্ষে শতভাগ ফিট না থাকলেও ওয়ানডে খেলেছেন তামিম। যা নিয়ে বিসিবি সভাপতি পাপন ও কোচ হাথুরুসিংহে ক্ষুব্ধ ছিলেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়া হিসেবে তামিমের এই  অবসর বলে মনে করা হচ্ছে। 

তবে ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়া তামিম জানিয়েছেন, হুট করে সিদ্ধান্ত নেননি তিনি। কিছুদিন ধরে বিষয়টি নিয়ে ভাবছিলেন। পরিবারের সঙ্গেও এটা নিয়ে কথা বলছিলেন। 

তিনি বলেন, ‘আমার মনে হয়েছে, অবসর নেয়ার জন্য এটা সঠিক সময়। আমার ক্যারিয়ারের জন্য অনেকের ধন্যবাদ প্রাপ্য। অনেককে ধন্যবাদ দিতে হবে।’

তামিম বলেন, ‘আমি সবসময় বলি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। কতটা তার স্বপ্ন পূরণ করতে পেরেছি জানি না। তবে সৎ থেকে শতভাগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। অবসরের আরও কিছু কারণ আছে। আমি মনে করি না, সেগুলো এখানে বলা দরকার।’

তামিমের অবসর প্রসঙ্গে গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘আমরা লাইভে তার সিদ্ধান্ত শুনেছি। তামিমের অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে অপ্রত্যাশিত। এটা শকিং নিউজ, খুবই প্রি-ম্যাচুউর সিদ্ধান্ত। সে আরো অন্তত দুই বছর খেলতে পারত। বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।’

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৭০ টেস্ট খেলেছেন তামিম ইকবাল। ১০ সেঞ্চুরি ও ৩১টি ফিফটিতে ৫১৩৪ রান করেছেন তিনি। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪১ ওয়ানডে খেলেছেন বাঁহাতি এই ওপেনার। ১৪টি সেঞ্চুরি ও ৫৬ ফিফটিতে দেশের পক্ষে সর্বোচ্চ ৮৩১৩ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়া টি-২০ ফরম্যাটে ৭৮টি ম্যাচ খেলেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!