ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসিকে টপকে নতুন রেকর্ড রোনালদোর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০১, ১৫ জুলাই ২০২৩
মেসিকে টপকে নতুন রেকর্ড রোনালদোর
ছবি- সংগৃহীত

ইউরোপের ক্লাবে ছিলেন দু’জন দু’জনের চিরপ্রতিদ্বন্দ্বি। তবে এখন দু’জনের কেউই ইউরোপে নেই। তবুও প্রতিদ্বন্দ্বিতা যেন বিন্দুমাত্র কমেনি। বলছি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির কথা।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এখন সৌদি লিগ মাতাচ্ছেন রোনালদো। অন্যদিকে ভালোবাসার শহর প্যারিসকে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে পাড়ি দিয়েছেন মেসি। দু’জন দুইপ্রান্তে অবস্থান করলেও এবার মেসিকে টপকে নতুন রেকর্ড গড়েছেন সিআর সেভেন। 

মেসিকে টপকে রীতিমতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন রোনালদো। ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় রোনালদোর সবার ওপরে থাকার বিষয়টি নিশ্চিত করেছে গিনেস কর্তৃপক্ষ। সব মিলিয়ে রোনালদোর এটি ১৭তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

Advertisement

গত মে মাসে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটদের নাম প্রকাশ করে ফোর্বস ম্যাগাজিন। এই তালিকায় শীর্ষস্থান দখল করেন রোনালদো। গত এক বছরে ফুটবল থেকে রোনালদোর আয় ছিল ৪ কোটি ৬০ লাখ ডলার এবং মাঠের বাইরে তার আয় দেখানো হয় ৯ কোটি ডলার। 

২০১৭ সালের পর প্রথমবারের মতো ফোর্বসের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটসের তালিকায় জায়গা পান ক্রিস্টিয়ানো রোনালদো। এ বছরের ১ মে পর্যন্ত করা এ হিসাবে এক বছরে রোনালদোর আয় ছিল ১৩ কোটি ৬০ লাখ ডলার। 

এটি ছিল রোনালদোর সব মিলিয়ে তৃতীয়বারের মতো শীর্ষ উপার্জনকারীর তালিকায় শীর্ষে ওঠার ঘটনা। এর ফলে আরেকটি গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডসের স্বীকৃতি পাচ্ছেন সিআর সেভেন।

নতুন এই ওয়ার্ল্ড রেকর্ড করার পথে লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো। ২০২২ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের মাঝে শীর্ষস্থান দখল করার পথে মেসির আয় ছিল ১৩ কোটি ডলার। তবে এক বছরের মাথায় সেই তালিকা থেকে নিচে নেমে যেতে হলো বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

রোনালদো ছাড়া শীর্ষ উপার্জনকারী ১০ খেলোয়াড়দের মধ্যে জায়গা পাওয়া অন্য দুই ফুটবলার হচ্ছেন মেসি ও কিলিয়ান এমবাপ্পে। তালিকায় দু’জনেরই অবস্থান যথাক্রমে ২ ও ৩ নম্বরে। এক বছরে মেসি আয় করেছেন ১৩ কোটি ডলার। মাঠ ও মাঠের বাইরে থেকে তার আয় ৬ কোটি ৫০ লাখ ডলার করে। অন্যদিকে এমবাপ্পে এক বছরে আয় করেছেন ১২ কোটি ডলার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!