ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির ক্লাবে যোগ দিলেন বার্সার আরেক তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০০, ১৯ জুলাই ২০২৩
মেসির ক্লাবে যোগ দিলেন বার্সার আরেক তারকা
মেসির সঙ্গে জর্ডি আলবা। ছবি- সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। এরপর ক্লাবটিতে নাম লেখান বার্সার সাবেক মিডফিল্ডার সার্জিও বুসকেটস। এবার তাদের দেখানো পথেই হাঁটলেন স্পেনের সাবেক ডিফেন্ডার জর্ডি আলবাও।

বিষয়টি নিশ্চিত করে ক্লাব মালিক হোর্হে ম্যাস বলেন, ‘আলবা আজ চুক্তি সম্পন্ন করেছেন। ভবিষ্যতে আরো কিছু খেলোয়াড় দলে ভেড়ানোর প্রত্যাশা করা হচ্ছে।’

অবশ্য বার্সেলোনার সাবেক অভিজ্ঞ উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজের সঙ্গে আলোচনার বিষয়টি এখন আর মিয়ামির পরিকল্পনায় নেই বলেই নিশ্চিত করেছেন ম্যাস। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর সঙ্গে চুক্তির বিষয়টি বিবেচনা করে সুয়ারেজকে দলে নেয়ার লক্ষ্য বাদ দিয়েছে মিয়ামি। 

Advertisement

এ সম্পর্কে তিনি বলেন, ‘সুয়ারেজ গ্রেমিওর খেলোয়াড়, তার সঙ্গে ক্লাবের এখনো চুক্তি রয়েছে। আমরা জানি মেসি, বুসকেটস ও আলবার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তারা একসঙ্গে বার্সেলোনায় খেলেছে। ইন্টার মিয়ামিতে সুয়ারেজের আসা নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু আমরা সুয়ারেজ কিংবা গ্রেমিওর সঙ্গে সরাসরি কোন কথা বলিনি। আমি জানি না, সুয়ারেজ কিভাবে গ্রেমিও ছাড়বে। কিন্তু সে যদি চায় তবে আমরা কথা বলতে রাজি আছি। এখনো সেই সম্ভাবনা আছে।’

প্রসঙ্গত, ৩৪ বছর বয়সী আলবা স্পেনের হয়ে ৯৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। মে মাসে বার্সেলোনার সঙ্গে তিনি চুক্তি বাতিল করেছেন। লেফট-ব্যাক আলবা বার্সেলোনার জার্সি গায়ে ৬টি স্প্যানিশ লিগ শিরোপা জয় করেছেন। ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সদস্য ছিলেন। ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বিজয়ী স্প্যানিশ দলেও তিনি খেলেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!