শুক্রবার (২১ জুলাই) ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেক্সিকান ক্লাব ক্রুস আজুলের বিপক্ষে মিয়ামির জার্সিতে অভিষেক হওয়ার কথা মেসির। সবকিছু ঠিক থাকলে এমনটিই হওয়ার কথা। এজন্য ক্লাব কর্তৃপক্ষ ম্যাচটির টিকিকের দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তবে লিওর অভিষেকের আগেই শঙ্কা প্রকাশ করেছেন ক্লাবটির কর্তা ডেভিড বেকহ্যাম।
বেকহ্যাম বলেন, মেসি অনেক দিন ধরে ছুটিতে থাকায় শুক্রবারের ম্যাচে খেলার মতো ফিটনেসে আছে কিনা তা পরীক্ষা করবে মিয়ামি।
.png)
মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবের সহস্বত্বাধিকারী বলেন, ‘আমরা জানি না লিও ম্যাচটি খেলবে কিনা অথবা সে সময় পাবে কিনা। কারণ সর্বোপরি মনে করি তার প্রস্তুতির জন্য সময়ের প্রয়োজন। আমাদের তাকে রক্ষা করতে হবে এবং নিশ্চিত করতে হবে সে প্রস্তুত। সে ছুটি শেষে সবেমাত্র মিয়ামিতে এসেছে। তবে সে অনুশীলন করছে এবং দেখতেও ভালো লাগছে।’
তবে পুরো সিদ্ধান্ত মেসি ও কোচ টাটা মার্টিনোর ওপরই ছেড়ে দিয়েছেন বেকহ্যাম। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার বলেন, ‘আমি মনে করি লিও এবং টাটাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে লিও যদি শুক্রবার খেলে পরিবেশটা দুর্দান্ত হবে এবং আশা করি জয় পাব।’
বেকহ্যামের শঙ্কা সত্যি প্রমাণিত হলে এমএলএসে মেসির অভিষেক তিন দিন পিছিয়ে যাবে। লিগ কাপের পরবর্তী ম্যাচে সাত বারের ব্যালন ডি’অরজয়ীর অভিষেক হবে। আর ম্যাচটি ২৫ জুলাই আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে খেলবে মিয়ামি।