ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সমর্থকদের যে বার্তা দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৮, ১৭ জুলাই ২০২৩
সমর্থকদের যে বার্তা দিলেন মেসি
লিওনেল মেসি

মৌখিক সম্মতির পালা শেষ হয়েছিল বহু আগেই। মেসি নিজেই জানিয়েছিলেন, ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের লিগ মাতাবেন। বাকি ছিল আনুষ্ঠানিক পরিচয়পর্বের। বাংলাদেশ সময় সোমবার ভোর ছয়টায় হয়ে গেছে সেই আনুষ্ঠানিকতাও। যেখানে ইন্টার মিয়ামির ক্লাবের মালিকপক্ষ থেকে নিজের জার্সি বুঝে নেন মেসি।

এরপর ক্লাবের সমর্থকদের সামনে উপস্থিত হন মেসি। ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে সমর্থকদের উদ্দেশ্যে কিছু কথাও বলেছেন সময়ের সেরা এ ফুটবলার। তিনি বলেছেন, ‘আমি খুব খুশি যে পরিবার নিয়ে এ শহরটায় থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমি খুশি যে এ প্রকল্প বেছে নিয়েছি। আমরা সবকিছু খুব উপভোগ করব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যাচ্ছে না ইন্টার মিয়ামির। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ইস্টার্ন করফারেন্সে সবার নিচে অবস্থান করছে দলটি। কিন্তু সমর্থকদের আশার বাণী শুনিয়ে মেসি বলেছেন, ‘আমরা ভালো সময় কাটাতে যাচ্ছি এবং ভালো কিছু ঘটবে। আপনাদের ধন্যবাদ, আজকের সব আয়োজনের জন্য আপনাদের ধন্যবাদ।’

Advertisement

ইন্টার মিয়ামির সমর্থকদের উদ্দেশে মেসি আরো বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুশীলনে নামতে আমার তর সইছে না। সব সময়ের মতো আমার ভেতর প্রতিদ্বন্দ্বিতা করার সেই একই তাড়না বোধ করছি। আমি সব সময়ের মতো জিততে চাই এবং মিয়ামিকে আরও বেড়ে উঠতে সাহায্য করতে চাই।’

লম্বা এই সময়টায় ভক্তদের সমর্থনও চেয়েছেন গ্রহের সেরা তারকা, ‘আমি আশা করি, পুরো মৌসুমজুড়ে আপনারা (সমর্থকরা) এভাবেই আমাদের সাথে থাকবেন। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, এই প্রজেক্ট সফল করার জন্য আমার সতীর্থরা নিজেদের সবটুকু উজাড় করে দিবে।’ 

যুক্তরাষ্ট্রের লিগে এই মুহুর্তে অবশ্য ভালো অবস্থানে নেই ইন্টার মিয়ামি। ২২ ম্যাচ শেষে মাত্র ১৮ পয়েন্ট আছে তাদের ঝুলিতে। অবশ্য ইউএস ওপেন কাপে এখন পর্যন্ত টিকে আছে তারা। সেমিফাইনালের ম্যাচে মেসিকে পাবার সম্ভাবনাও আছে তাদের।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!