শুক্রবার (২১ জুলাই) ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ক্রুজ আজুলের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিয়ামি। এ ম্যাচে মিয়ামির জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে মেসির। স্বাভাবিকভাবেই লিওর অভিষেক নিয়ে মুখিয়ে আছেন ভক্ত-সমর্থকরা। পাশাপাশি ভক্তদের খেলা দেখার নিমন্ত্রণও জানিয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার।
সোমবার ফটো শেয়ারিং হ্যান্ডেল ইনস্টাগ্রামে আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার পোস্ট করেছেন, ‘শুক্রবার আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।’
.png)
এর আগে রোববার ঘরের মাঠে ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করে ইন্টার মিয়ামি। যেখানে ঝড়-বৃষ্টি সাময়িক সমস্যা করলেও জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠান হয়েছে। আতশবাজি, গানবাজনায় মুখরিত হয়ে উঠেছিল ডিআরভি পিএনকে স্টেডিয়ামের পরিবেশ। অনুষ্ঠানে ছিলেন ইন্টার মিয়ামির মালিক হোর্হে মাস ও সহস্বত্বাধিকারী ডেভিড বেকহ্যামসহ আরো অনেকে। অনুষ্ঠানে সবার মধ্যমণি মেসি এসেছিলেন সপরিবারে।
মিয়ামির আয়োজনে মুগ্ধ ৩৬ বছর বয়সী মেসি বলেন, ‘সবাইকে রোববারের জন্য ধন্যবাদ জানাচ্ছি। বৃষ্টির কারণে অনুষ্ঠানের পরিকল্পনা একটু পাল্টে গেছে। তবু সবকিছু দারুণ হয়েছে। অনুষ্ঠানে যারা এসেছেন, তাদের ধন্যবাদ। যে শিল্পীরা পারফর্ম করেছেন, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।’
মেসির অভিষেক ম্যাচ বলে টিকিটের চাহিদা স্বাভাবিকভাবেই বেশি। একই সঙ্গে টিকিটের দাম বাড়ছে পাল্লা দিয়ে। টিকিট বিক্রি করা ওয়েবসাইট ‘ভিভিড সিটসে’ দেখা গেছে, এই ম্যাচের টিকিট ১ লাখ ১০ হাজার ডলারেও বিক্রি হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ২০ লাখ টাকা। কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ ডলার (বাংলাদেশি প্রায় ৫৩ হাজার টাকা)। এই দাম গত বছরের মিয়ামি-বার্সেলোনা ম্যাচের টিকিটের দ্বিগুণের চেয়েও বেশি।