৬ ম্যাচ পরে রোনালদোর গোলে নতুন রেকর্ড
প্রাক-মৌসুমে এখন পর্যন্ত ছয়টি ম্যাচে খেলেছে সৌদি ক্লাব আল নাসর। যেখানে একটি জয়ের বিপরীতে দুটিতেই হেরেছে ক্লাবটি। আর বাকি তিন ম্যাচে ড্র করেছে তারা। এরমধ্যে একটি ম্যাচেও গোল করতে পারেননি আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সের ভারে নুইয়ে পড়া রোনালদোর এখানেই শেষ দেখছিলেন আলোচক-সমালোচকরা।
অবশেষে সব সমালোচনাকে উড়িয়ে গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে দারুণ এক হেডে গোল করেন তিনি। এতে তার দল ৪-১ গোলে জিতেছে।
এই গোলের মাধ্যমে নতুন এক ইতিহাসের সাক্ষী হয়েছেন রোনালদো। টানা ২২ মৌসুমে গোল করার অনন্য কীর্তি এই পর্তুগিজের। সেই সঙ্গে হেডে সর্বাধিক গোল করার রেকর্ডও গড়েছেন তিনি। হেডে সব মিলিয়ে ১৪৫ গোল করেছেন এ আল নাসর তারকা।
.png)
এই রেকর্ড গড়তে রোনালদো পেছনে ফেলেছেন জার্মানির সাবেক কিংবদন্তি গার্ড মুলারকে। জার্মানির ১৯৭৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুলার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে ১৪৪ গোল করেছেন।
চ্যাম্পিয়নস কাপে আল নাসরের প্রথম জয় এটি। এর আগে গত শুক্রবার সৌদি ক্লাব আল শাবাবের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল আল নাসর।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রোনালদোর দল। সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে আল শাবাব। তৃতীয় স্থানে থাকা মিসরীয় ক্লাব জামালেকের পয়েন্ট ৩। দুই ম্যাচের দুটিতেই হেরেছে মোনাস্তির।