জানা গেছে, কোমরের চোট থেকে পুরোপুরে ফিট হতে এখনো তিন সপ্তাহের মতো সময় লাগবে তামিমের। সে বিবেচনায় এশিয়া কাপে অনেকটাই অনিশ্চিত তিনি। যদিও অসুস্থতার কারণে তামিম নিজেই এশিয়া কাপ থেকে সরে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম। একই সঙ্গে এশিয়া কাপে না খেলার কথাও জানিয়েছেন এ বাঁহাতি ওপেনার।
.png)
তামিম বলেন, ‘আমিও পুরোপুরি নিশ্চিত নিউজিল্যান্ড সিরিজে ফিরতে পারব। যেন কোনো বাড়তি সমস্যা না হয়, এ কারণেই বাড়তি সময়টা নেওয়া। যেন আমি সেরা অবস্থায় নিউজিল্যান্ড সিরিজে ফিরতে পারি।’
তামিমের বাইশ গজে ফেরা প্রসঙ্গে আশাবাদী নাজমুল হাসান পাপনও। বিসিবি বস বলেন, ‘এশিয়া কাপ খেলতে গেলে তো ওর ইনজুরি পারমান্যান্ট ড্যামেজ হয়ে যাবে, সেটা আমরা চাই না। আমি পূর্ণ নিশ্চিত, সে নিউজিল্যান্ড সিরিজে ফিরবে।’
আগামী সেপ্টেম্বরের শেষের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজ শুরু হবে ২১ সেপ্টেম্বর। সিরিজের বাকি দুই ওয়ানডে যথাক্রমে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।