তামিমের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। সবার এখন একটাই প্রশ্ন, কে হচ্ছেন পরবর্তী অধিনায়ক?
এই আলোচনায় সবার ওপরে আছে দুটি নাম- সাকিব আল হাসান ও লিটন দাস। দুজনের মাঝে সাকিব তো টেস্ট এবং টি-২০ দলের নেতৃত্ব সামলাচ্ছেন। আর ওয়ানডের সহ-অধিনায়ক হিসেবে এর আগে একাধিক সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন। আফগানিস্তানের বিপক্ষে তো টেস্টেও নেতৃত্ব দিয়েছিলেন।
.png)
এবার যাকেই অধিনায়ক করা হোক না কেন, সেটা হবে দীর্ঘ মেয়াদের জন্য। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে নতুন অধিনায়কের প্রশ্নে বলেন, ‘যদি তামিম শুধু বলত যে এশিয়া কাপ খেলছে না, তাহলে তো আমাদের প্রস্তুত ছিলই, সহ-অধিনায়ক লিটন দাস হতেন (অধিনায়ক)। এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না দু-একজনের সঙ্গে কথা না বলে (নতুন অধিনায়ক কে) বলা যাচ্ছে না।’
এদিকে সম্প্রতি গণমাধ্যমে খবর এসেছে যে, সাকিব আল হাসানকে নাকি ওয়ানডে অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বিশ্বকাপে অধিনায়কত্ব করতে রাজি নন। এমন দাবি উড়িয়ে দেন বিসিবি সভাপতি।
তিনি জানান, সাকিবের সঙ্গে এ বিষয়ে তার কোনো কথাই হয়নি। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপের দল ঘোষণার দিন বা এর আগেই ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করা হতে পারে।