আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের নেতৃত্ব এবং দলে থাকা নিয়ে বৃহস্পতিবার তামিমের সঙ্গে আলোচনায় বসেছে বিসিবি। কঠোর গোপনীয়তার বৈঠক শেষে তামিম ইস্যুতে বিস্তারিত জানাতে আজ রাত ৮টায় সংবাদ সম্মেলন ডেকেছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
এর আগে বৈঠকের আলোচনার বিষয়ে সারাদিন তেমন কোনো তথ্যই পাওয়া যায়নি। তবে সন্ধ্যা নাগাদ বিসিবির মিডিয়া বিভাগ সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে।
.png)
গত জুলাইয়ে নাটকীয় অবসর ইস্যুর পর তামিম ইকবাল জানিয়েছিলেন, ক্রিকেট বোর্ডের সঙ্গে তার কিছু বিষয় নিয়ে আলাপ রয়েছে। আর সেই আলাপের ওপরেই অনেককিছু নির্ভর করবে বাঁহাতি এই ওপেনারের ভবিষ্যৎ নিয়ে। এবার সেই আলাপেই বসেছেন তামিম। এরপর বিসিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট সিদ্ধান্তের কথা জানানোর ঘোষণা দেয় বিসিবি।
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেসে মনোযোগী বিসিবি। তাই এই মেগা আসরের দল ঘোষণার আগে ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটারকে নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে।
আজ অনুষ্ঠিত হয়েছে টাইগার ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট। যেখানে ১৯.৫ স্কোর নিয়ে শীর্ষে আছেন নাজমুল হাসান শান্ত। অন্যদিকে চিকিৎসা শেষে সদ্যই দেশে ফিরেছেন তামিম। তবে টাইগারদের এই ওয়ানডে অধিনায়কের মাঠে ফেরা এখনও ঝুলে আছে তার ফিটনেসের ওপর।