ওয়ানডে ফরম্যাটের জন্য দীর্ঘমেয়াদে অধিনায়ক ঘোষণা করার জন্য আজ জরুরি সভা ডাকা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই তার পরিবর্তে আসন্ন এশিয়া কাপের জন্য অধিনায়ক বেছে নেয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সম্ভাব্য অধিনায়ক প্রার্থীদের সঙ্গে কথা বলবেন সভাপতি এবং ১২ আগস্টের মধ্যে চূড়ান্ত অধিনায়ক নির্বাচন করবেন।
.png)
জালাল ইউনুস বলেন, ‘আজ এশিয়া কাপের জন্য আমাদের অধিনায়ক ঘোষণা করার কথা ছিলো। আশা করছি অধিনায়কের বিষয়ে দুই বা তিন দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। ১২ আগস্টের আগে অধিনায়ক ঘোষণার জন্য আমাদের সময় আছে।’
তিনি আরো বলেন, ‘আজ আমাদের পরিচালনা পর্ষদের সভা হয়েছে। বোর্ড থেকে আমরা সভাপতি নাজমুল হাসান পাপনকে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দিয়েছি। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে।’
বর্তমানে সাকিব আল হাসান, লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজকে দলকে নেতৃত্ব দেওয়ার সম্ভাব্য তিন প্রার্থী হিসেবে মনে করা হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ এবং বিশ্বকাপে কে দলকে নেতৃত্ব দেবেন সে বিষয়ে এশিয়া কাপ শেষে সিদ্ধান্ত নেয়া হবে।
জালাল বলেন, ‘আপাতত শুধুমাত্র এশিয়া কাপের জন্য অধিনায়ক ঘোষণা করবো আমরা। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপে কে দলকে নেতৃত্ব দেবেন- পরবর্তীতে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’