ভারতীয় গণমাধ্যমের দাবি, দ্রাবিড়-জয় শাহর মধ্যকার মিটিংয়ে গুরুত্ব পেয়েছে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ ইস্যু। এমনকি ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপে যেকোনো মূল্যে চ্যাম্পিয়ন হওয়ার তাগিদ দেওয়া হয়েছে দ্রাবিড়কে।
যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর পক্ষ থেকে বলা হয়েছে, দ্রাবিড় বোর্ড কর্তার সঙ্গে নিছক এক সৌজন্য সাক্ষাতে অংশ নিয়েছিলেন।
.png)
এদিকে মাঠের লড়াইয়ে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হচ্ছেন ভারতের ক্রিকেটাররা। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও দাপুটে ক্রিকেট খেলতে পারেনি তারা। অন্যদিকে টি-২০ সিরিজ খুইয়েছে মেন ইন ব্লুজরা।
দলের এমন অবস্থানে মোটেই খুশি নন ভারতের সাবেক ক্রিকেটার এবং ভক্তরা। নাখোশের তালিকায় আছে ক্রিকেট বোর্ড বিসিসিআই সচিব জয় শাহর নামও। আর এজন্যই যুক্তরাষ্ট্রে ভারতের হেড কোচের সঙ্গে মিটিং সারলেন দেশটির প্রভাবশালী এ বোর্ড কর্তা।
এদিকে দ্রাবিড়ের অধীনে ভারতের সাম্প্রতিক পারফর্ম্যান্স সাবেক ক্রিকেটারদের মধ্যেও অসন্তোষ তৈরি করেছে। ভারতের যুবদলের সাবেক কোচ এবং একসময়ে দ্রাবিড়ের সতীর্থ ভেঙ্কেটশ প্রসাদ সরাসরিই ক্ষোভ জানিয়েছেন।
সাবেক এই খেলোয়াড়ের মতে, দ্রাবিড়ের ভারতের খেলায় যেমন জয়ের ক্ষুধা নেই, তেমনি লড়াকু মানসিকতায় আছে ঘাটতি। দলের মধ্যে কারও কারও অতিরিক্ত আত্মবিশ্বাস রয়েছে এমন অভিযোগও করেছেন ভেঙ্কেটশ।