জাতীয় দলে ডাক পাওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তামিম। এ সময় জাতীয় দল ইস্যু, নিজের প্রস্তুতি ও বিশ্বকাপ ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি। পাশাপাশি নিজের আইডলের কথাও জানিয়েছেন এ বাঁ-হাতি ব্যাটার।
সিনিয়র তামিম প্রসঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তামিম বলেন, ‘এই কথাটা আমি অনেক আগে থেকে শুনছি (তামিম ইকবালের সঙ্গে মিল)। সত্যি কথা বলতে ছোট বেলায় উনার খেলা দেখে বড় হয়েছি। খেলা দেখার অনুপ্রেরণা পেয়েছি, যেহেতু উনার নামের সঙ্গে আমার নামের মিল ছিল।’
.png)
নামের মিল থাকায় সিনিয়র তামিমের খেলা বেশি দেখেছেন জুনিয়র তামিম। এমনকি সিনিয়র তামিম তরুণ এই ক্রিকেটারের আদর্শ, ‘উনি আমাদের জন্য আদর্শ। উনার খেলা দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি। কীভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেন। কোন পরিস্থিতিতে কীভাবে খেলেন। তিনি অবশ্যই একজন অনুপ্রেরণা।’
বাংলাদেশ দলে শুধু নিজের জায়গা নয়, প্রত্যেকের জায়গা-ই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তামিম। সিনিয়র তামিমের অনুপস্থিতিতে জুনিয়র তামিম উদ্বোধনী জায়গাটা ধরে রাখতে চান।
এ বিষয়ে অভিষেকের অপেক্ষায় থাকা তামিম বলেন, ‘দলে প্রত্যেকের জায়গা গুরুত্বপূর্ণ। আর আমি মনে করি তামিম ভাইও সবার জন্য আদর্শ। উনাকে দেখে ছোট থেকে বড় হয়েছি আমি। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার, জায়গাটা ধরে রাখার।’