ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

আবারো পরিবর্তন হচ্ছে বিশ্বকাপের সূচি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ২০ আগস্ট ২০২৩
আবারো পরিবর্তন হচ্ছে বিশ্বকাপের সূচি!
ছবি- সংগৃহীত

আগামী ৫ অক্টোবর শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টের ত্রয়োদশ আসরকে সামনে রেখে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে আয়োজক দেশ ভারত। তবে বিশ্বকাপের সূচি নিয়ে যেন কিছুতেই জটলা কাটছে না। কেননা দ্বিতীয়বারের মতো পরিবর্তন আসতে পারে বিশ্বকাপের চূড়ান্ত সূচিতে!

মূলত আগামী ৯ ও ১০ অক্টোবর পরপর দু’দিন বিশ্বকাপের ম্যাচ রয়েছে হায়দরাবাদে। ফলে নিরাপত্তার সমস্যা হতে পারে। আর এ কারণে নিজেদের উদ্বেগের কথা বিসিসিআইকে জানিয়েছে হায়দরাবাদ পুলিশ।

ক’দিন আগেই কিছুটা পরিবর্তন করে চূড়ান্ত সূচি প্রকাশ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সূচিটি অনুযায়ী, হায়দরাবাদে পর পর দু’দিন খেলা রয়েছে। ৯ অক্টোবর রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডস। পরের দিন অর্থাৎ ১০ অক্টোবর একই মাঠে মুখোমুখি হওয়ার কথা রয়েছে পাকিস্তান এবং শ্রীলংকার।

Advertisement

নিরাপত্তার বিষয়টি জানিয়ে হায়দরাবাদ পুলিশ বলছে, দু’টি ম্যাচের মধ্যে কোনো সময় পাওয়া যাবে না। তাতে যথাযথ নিরাপত্তার ব্যবস্থায় ঝুঁকি রয়েছে। বিশেষ করে দ্বিতীয় দিন পাকিস্তান-শ্রীলংকার খেলা থাকায় ঝুঁকি নিতে নারাজ তারা।’

শুরুতে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচটি হওয়ার কথা ছিল ১২ অক্টোবর। কিন্তু আহমেদাবাদের ভারত-পাকিস্তান ম্যাচ ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর হওয়ায় দু’দিন এগিয়ে দেওয়া হয়েছে হায়দরাবাদের পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ। গুজরাটের নবরাত্রি উৎসবের জন্য ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছিল আমমেদাবাদ পুলিশ।

কালীপূজার জন্য পরিবর্তন করা হয়েছে ইডেন গার্ডেন্সের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচও। এই ম্যাচ প্রথমে হওয়ার কথা ছিল ১২ নভেম্বর। কালীপূজার দিন ম্যাচ নিয়ে আপত্তি জানায় কলকাতা পুলিশ। তাই ওই ম্যাচ একদিন এগিয়ে এনে ১১ নভেম্বর আয়োজন করা হবে। উল্লেখ্য, একদিনের বিশ্বকাপ শুরু হওয়ার কথা ৫ অক্টোবর।

একাধিক কারণে একবার পরিবর্তন করা হয়েছে একদিনের বিশ্বকাপের সূচি। হায়দরাবাদ পুলিশের আপত্তিতে আবার পরিবর্তন হতে পারে নতুন সূচিও। তেমন হলে একাধিক ম্যাচে দিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!