টুর্নামেন্ট শুরুর মাত্র ৮ দিন আগে স্কোয়াড ঘোষণা করেছে ভারত। এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন উইন্ডিজ সফরে সুযোগ পাওয়া তিলক ভার্মা। একই সঙ্গে দলে ফিরেছেন ইনজুরি সমস্যা কেটে ওঠা শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল। আর একমাত্র ব্যাকআপ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে শ্রীলংকা যাবেন স্যাঞ্জু স্যামসন।
বিষয়টি নিয়ে বিসিআই নির্বাচক অজিত আগারকার বলেন, ‘শ্রেয়শ আইয়ার ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট অবস্থায় আছেন। তবে রাহুলের সেরে ওঠা এখনও প্রক্রিয়াধীন। টিম ম্যানেজমেন্ট আশা করছে, টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তাকে।’
.png)
এশিয়া কাপের দলে রাখা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষাণকেও। অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার পাশাপাশি জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল। এছাড়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কুলদ্বীপ যাদবের নামও এসেছে। বাদ পড়েছেন যুবেন্দ্র চাহাল।
আগারকারের কথায়, দলে দুজন লেগ স্পিনার রাখা সম্ভব না। বর্তমান ফর্ম বিবেচনা করেই নেয়া হয়েছে কুলদ্বীপকে।
ইনজুরি থেকে ফিরেই আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হয়েছেন জাসপ্রীত বুমরাহ। দলে আছেন শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণা।
স্কোয়াড ঘোষণা শেষে প্রধান নির্বাচক জানান, আপাতত এই দলটিই এশিয়া কাপে প্রতিনিধিত্ব করবে। ক্রিকেট বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করা হবে ৫ সেপ্টেম্বরের পরে।
এশিয়া কাপে ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়শ আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব ও প্রাসিধ কৃষ্ণা।