রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে টাইগার বাহিনী। তবে এর বহরে নেই লিটন দাস ও তানজিম হাসান সাকিব। তানজিমের আলাদা ফ্লাইট থাকলেও লিটন শেষ মুহূর্তে যেতে পারছেন না জ্বরের কারণে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘লিটনের জ্বর এসেছে। তবে ডেঙ্গু পরীক্ষা করে দেখা গেছে ডেঙ্গু নেগেটিভ। সে সুস্থ হলে কাল রওয়ানা হবে। আর যদি তার অসুস্থতা না কমে তাহলে বিকল্প নিয়ে ভাবব আমরা।’
.png)
আজ কলম্বো হয়ে ক্যান্ডিতে পৌঁছাবে বাংলাদেশ দল। আগামী ৩১ অগাস্ট ক্যান্ডির পাল্লেকেলে মাঠে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন।
এদিকে এশিয়া কাপে দলের অন্যতম সেরা ব্যাটার ও সহ-অধিনায়ক লিটনের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। জ্বরের কারণে তিনি খেলতে না পারলে সেটা বাংলাদেশের জন্য হবে বড় ধাক্কা।
অসুস্থতার কারণে লিটন দলের সঙ্গে যেতে না পারলেও তানজিমের কারণ ভিন্ন। চোটে আক্রান্ত পেসার ইবাদত হোসেনের বদলি হিসেবে তিনি পরে দলে আসায় তার টিকেটও কাটা হয় পরে। তিনি তাই একদিন পর দলের সঙ্গে যুক্ত হবেন।
এশিয়া কাপের জন্য ১৭ জনের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম ও তানজিম হাসান সাকিব।